Heli-Taxi Planning: ২ ঘণ্টার রাস্তা পেরতে লাগবে মাত্র ৩০ মিনিট! হেলি-ট্যাক্সি চালানোর প্ল্যান বিজেপি সরকারের
Air Taxi Project: রাজধানীতে আলোচনা শুরু হয়েছে খসড়া রিজিওনাল প্ল্যান ২০৪১ নিয়ে। আগামী ১৬ জুন আলোচনা শুরু হবে। দিল্লির সঙ্গে উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও দ্রুত করার উপরে জোর দেওয়া হবে।

নয়া দিল্লি: আর কয়েক বছর পর চিনতেই পারবেন না দিল্লিকে। রাজধানীতে যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন। দিল্লি থেকে পড়শি রাজ্যগুলিতে যেতে মাত্র আধ ঘণ্টা সময় লাগবে। আর দিল্লিতে এই পরিকল্পনা সফল হলে, পরবর্তীতে তা দেশের বাকি মেট্রো শহরেও গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে মুম্বই, কলকাতার মতো শহরেও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বদলে যাবে।
রাজধানীতে আলোচনা শুরু হয়েছে খসড়া রিজিওনাল প্ল্যান ২০৪১ নিয়ে। আগামী ১৬ জুন আলোচনা শুরু হবে। দিল্লির সঙ্গে উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও দ্রুত করার উপরে জোর দেওয়া হবে।
পিটিআই সূত্রে খবর, দিল্লি-এনসিআরে যে হারে জনসংখ্যা বাড়ছে, তা মাথায় রেখে নতুন আটটি গ্রিনফিল্ড টাউনশিপ তৈরি করা হতে পারে। দিল্লি-মুম্বই ইন্ডাস্ট্রিয়াল করিডর থেকে অনুপ্রাণিত হয়েই এই টাউনশিপ তৈরি করা হবে। এর লক্ষ্য হল, দিল্লির উপরে চাপ কমিয়ে, আশেপাশের অংশে বাসস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৩০ মিনিটে এনসিআর-
এই পরিকল্পনারই আরেকটি বড় অংশ হল ‘৩০ মিনিট এনসিআর’ (30 Minutes NCR)। দিল্লি থেকে এনসিআরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য হাই স্পিড রেল লিঙ্কের (High Speed Rail Link) ব্যবস্থা করা হবে। এতে মাত্র আধ ঘণ্টায় দিল্লি থেকে গুরুগ্রাম, হরিয়ানায় পৌঁছে যাওয়া যাবে।
প্রস্তাবনায় এর পাশাপাশি হেলি-ট্যাক্সি চালানোর কথাও বলা হয়েছে। যে রাস্তা অতিক্রম করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগে, তা কয়েক মিনিটে পৌছে যাওয়া যাবে হেলিকপ্টার ট্যাক্সিতে। ২০ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্প বাস্তবায়ন করতে।
