AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Rule: বাড়িতে কতটা সোনা রাখা বৈধ? আয়কর দফতরের এই নিয়ম না জানলে বিপদে পড়বেন!

Income Department Rules: অনেকেই ভাবেন, নির্ধারিত সীমার মধ্যে সোনা থাকলে আয়কর দফতর কোনও প্রশ্ন করতে পারবে না। বিষয়টি কিন্তু তা নয়। সোনা কেনার উৎস নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু, কতটা সোনা বাড়িতে রাখা যায়?

Gold Rule: বাড়িতে কতটা সোনা রাখা বৈধ? আয়কর দফতরের এই নিয়ম না জানলে বিপদে পড়বেন!
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 19, 2026 | 12:06 PM
Share

কলকাতা: ভারতে সোনা শুধু গয়না বা শখের বস্তু নয়, বরং বহু মানুষের কাছে এটি অন্যতম নিরাপদ বিনিয়োগের একটি মাধ্যম। বিয়ে, উৎসব বা পারিবারিক অনুষ্ঠানের আগে অনেকেই সোনা কেনেন। অনেক পরিবারেই বছরের পর বছর ধরে জমা হয় বিপুল পরিমাণ সোনা বা সোনার গয়না। কিন্তু, আইনত বাড়িতে কতটা সোনা রাখা বৈধ? সম্প্রতি এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও আয়কর দফতরের নিয়ম নতুন করে আলোচনায় এসেছে। আইন অনুযায়ী, বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সীমা নেই। তবে সেই সোনা কিভাবে কেনা হয়েছে বা তার অর্থের উৎস কী, তা প্রয়োজনে প্রমাণ করতে হবে।

বাড়িতে কত গ্রাম সোনা রাখতে পারবেন?

ভারতের আয়কর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না থাকলে সাধারণত তার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করা হয় না। তবে CBDT-র নির্দেশিকায় উল্লেখিত পরিমাণগুলি হল – একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন ও অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন। তবে বিবাহিত ও অবিবাহিত পুরুষ, উভয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন।

এই পরিমাণগুলি মূলত আয়কর তল্লাশির সময় সোনা বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী মানা হয়। তবে অনেকেই ভাবেন, নির্ধারিত সীমার মধ্যে সোনা থাকলে আয়কর দফতর কোনও প্রশ্ন করতে পারবে না। বিষয়টি কিন্তু তা নয়। সোনা কেনার উৎস নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। তাই কেনার সময় দোকানের বিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার প্রমাণ, উপহারের নথি ও আয়ের উৎসের প্রমাণ যত্ন করে রাখা জরুরি। এই নথিগুলো রাখলে সোনার মালিকানা ও অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া সহজ হয়।

নগদ সোনার ক্ষেত্রে কী নিয়ম?

সোনা কেনাবেচার ক্ষেত্রে আয়কর আইনে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে নগদে সোনা কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আয়কর আইনের ২৬৯ ST ধারা অনুযায়ী, কোনও পরিস্হিতিতে ২ লক্ষ টাকা বা তার বেশি নগদ অর্থ গ্রহণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ২ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সোনা কেনাবেচায় নগদ লেনদেনের ক্ষেত্রে আইন মেনে চলা জরুরি। ব্যাঙ্ক ট্রান্সফার, চেক বা অন্যান্য অনুমোদিত ডিজিটাল পদ্ধতিতে অর্থ প্রদান করাই নিরাপদ।

তবে মনে রাখবেন, বাড়িতে সোনা রাখার কোনও নির্দিষ্ট আইনি সীমা না থাকলেও সোনার বৈধ মালিকানা ও অর্থের উৎসের প্রমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সোনা কেনার বিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির নথি ও আর্থিক লেনদেনের প্রমাণ সযত্নে রেখে দিন।

Follow Us