Sharad Kapoor: সলমন-সোনুর পর এবার শরদের পাশে শাহরুখ! কী পদক্ষেপ করলেন কিং খান?
Shah Rukh Khan: কাজ ও টাকার অভাবে চরম বিপদে পড়েছেন অভিনেতা শরদ কাপুর। ইন্ডাস্ট্রির কাছে সাহায্য চাইতেই তাঁর পাশে দাঁড়ালেন শাহরুখ খান, সলমন খান, সোনু সুদ ও জাভেদ আখতার। কী কী পদক্ষেপ করেছেন তাঁরা?

হাতে কাজ নেই, চলছে চরম টাকার টানাটানি। অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)-এর এই খারাপ সময়ে আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সলমন খান (Salman Khan) ও সোনু সুদ। আর এবার ‘জোশ’ ছবির পুরনো সহ-অভিনেতার পাশে দাঁড়ালেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)। শরদের করুণ আর্জি শুনে আর চুপ থাকতে পারেননি কিং খান। খবর পেতেই নিজে যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে।
কী করলেন শাহরুখ? আর কারা খোঁজ নিলেন?
সদ্য এক সাক্ষাৎকারে শরদ নিজেই জানিয়েছেন, তাঁর বিপদের কথা শুনে ছোট থেকে বড়, ইন্ডাস্ট্রির প্রায় সবাই ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন। শাহরুখ খান নিজে যোগাযোগ করে তাঁর খোঁজ নিয়েছেন এবং যেকোনও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কী দরকার, তা নিঃসংকোচে জানাতে বলেছেন কিং খান। শুধু শাহরুখ নন, জাভেদ আখতার, রাজপাল যাদব এবং তাঁর বন্ধু আরমান কোহলিও একইভাবে তাঁর সঙ্গে কথা বলেছেন। এমনকী তাঁর কয়েকজন সাংবাদিক বন্ধুও চিকিৎসার জন্য যেকোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সবার এই ভালোবাসায় চোখে জল অভিনেতার।
এর আগে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, সলমন খান ইতিমধ্যেই শরদকে আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। আর সোনু সুদ তো সোজা মুম্বইয়ে শরদের সঙ্গে দেখা করতে চলে গিয়েছেন। টাকা ও চিকিৎসা-দুই দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। গত সোমবার দু’জনের দেখা হওয়া ও জড়িয়ে ধরার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
কেন এমন অবস্থা হল শরদের?
সবকিছুর শুরু একটি ভাইরাল ভিডিয়ো থেকে। সম্প্রতি একটি সংস্থার তরফে শরদের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, চারটি কুকুরের সঙ্গে একটি গদির ওপর শুয়ে আছেন তিনি। তা দেখেই তাঁর শরীর নিয়ে চিন্তায় পড়ে যান ভক্তরা। যদিও শরদের বন্ধু হেমা সিং ওই ভিডিয়ো প্রকাশের কড়া সমালোচনা করেন।
এরপর রবিবার হেমা আরও একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে শরদ নিজের কষ্টের কথা খুলে বলেন। তিনি জানান, বিনা দোষে কেউ অপবাদ দিলে খুব কষ্ট হয়। সেই থেকেই তিনি মানসিক অবসাদে চলে গিয়েছিলেন। কাজ করতে বা কারও সঙ্গে দেখা করতে মন চাইত না। তবে এবার তিনি ঘুরে দাঁড়াতে চান। শরদের কথায়, এই মুহূর্তে তাঁর আর্থিক, মানসিক ও নৈতিক-সব রকম সাহায্যই খুব দরকার। সিনিয়র অভিনেতাদের তিনি নিজের নায়ক বলে মানেন। কাজ করেই নিজের এই খারাপ সময় কাটিয়ে উঠতে চান তিনি।
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন শরদ। ১৯৯৫ সালে মহেশ ভাটের ‘স্বাভিমান’ ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে চেনায়। এরপর ‘দস্তক’, ‘জোশ’, ‘লক্ষ্য’, ‘ওয়ান্টেড’, ‘জয় হো’ এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালে ওটিটি-তে মুক্তি পাওয়া ‘ক্যাবারে’ ছবিতেই তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল।
