Infosys Recruitment: মন্দার বাজারেও ২০ হাজার কর্মী নিয়োগ করবে Infosys, কারা সুযোগ পাবেন? ঝটপট জেনে নিন
Infosys jobs eligibility details: যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কারণে তথ্য প্রযুক্তি সংস্থা থেকে শুরু করে বড় বড় বহুজাতিক সংস্থাগুলি বিপুল কর্মী ছাঁটাই করছে, সেখানে নতুন নিয়োগের খবর যথেষ্ট আশাজনক। যদিও কবে থেকে এই নিয়োগ শুরু হবে, তা জানা যায়নি।

নয়া দিল্লি: যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ খবর। দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys) বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে। জানা গিয়েছে, চলতি বছরে ইনফোসিস প্রায় ২০ হাজার কর্মী নিয়োগ করবে। নবাগত (Fresher) বা যারা সদ্য গ্রাজুয়েট হয়েছেন, তাদেরকেই নিয়োগ করা হবে।
ইনফোসিসের সিএফও জানিয়েছেন, এই বছরেও সংস্থায় বিপুল নিয়োগ করা হবে। গত ডিসেম্বর ত্রৈমাসিকে যেখানে সংস্থার অ্যাট্রিশন রেট অর্থাৎ কত সংখ্যক কর্মী চাকরি ছেড়ে চলে যাচ্ছে এবং তার জায়গায় নতুন নিয়োগ হচ্ছে না, তার হার ১২.৩ শতাংশ ছিল। এই ত্রৈমাসিকে সেই হার বেড়ে ১২.৬ শতাংশ হয়ে গিয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানিতে মার্চ মাসের হিসাবে প্রায় ৮ হাজার কর্মী কমে গিয়েছে। এই শূন্যস্থান পূরণ করতেই এবার নবাগত বা ফ্রেশারদের নিয়োগের পথে হাঁটছে সংস্থা। প্রসঙ্গত, প্রতি বছরই নবাগতদের ক্যাম্পাসিং বা অফ-ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নিয়োগ করে ইনফোসিস। সম্প্রতি টিসিএস-ও ফ্রেশার নিয়োগের ঘোষণা করেছিল।
মার্চ ত্রৈমাসিকে ইনফোসিসের আয় প্রত্যাশার থেকে ভাল হয়েছে। ৮৫০১ কোটি টাকার লাভ হয়েেছে। রাজস্ব ১৩.৪ শতাংশ বেড়ে ৪৬ হাজার ৪০২ কোটি টাকা হয়েছে। প্রতি শেয়ারে ২৫ টাকা করে ডিভিডেন্ডও ঘোষণা করেছে।
যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কারণে তথ্য প্রযুক্তি সংস্থা থেকে শুরু করে বড় বড় বহুজাতিক সংস্থাগুলি বিপুল কর্মী ছাঁটাই করছে, সেখানে নতুন নিয়োগের খবর যথেষ্ট আশাজনক। যদিও কবে থেকে এই নিয়োগ শুরু হবে, তা জানা যায়নি।
