LPG Cylinder e-KYC: সোমবারের মধ্যে এই কাজ না করলেই বেশি দামে কিনতে হবে LPG Cylinder, ১ সেপ্টেম্বর থেকে কী কী বদলাচ্ছে?
September Rules Change: ১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে যারা আন্তর্জাতিক সফর করবেন, তাদের আর ইমিগ্রেশন সেন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগাতে হবে না। মোবাইলে ইলেকট্রনিক বোর্ডিং পাস ব্যবহার করা যাবে কিংবা তার প্রিন্ট আউটও নিয়ে যাওয়া যেতে পারে।

নয়া দিল্লি: নতুন মাস মানেই নতুন নতুন নিয়ম। এখন প্রায় প্রতি মাসেই নতুন কিছু নিয়ম চালু বা কার্যকর হয়, যা সাধারণ মানুষের জন্য নেওয়া। কিন্তু আমজনতাই যদি নতুন নিয়ম বা নিয়ম বদল সম্পর্কে না জানেন, তাহলে আরও সমস্যা। ১ সেপ্টেম্বর থেকেও বদলাচ্ছে একাধিক নিয়ম। আয়কর থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার- কোন কোন নিয়ম বদলাচ্ছে, জেনে নিন-
বোর্ডিং পাসের নিয়মে বদল-
১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে যারা আন্তর্জাতিক সফর করবেন, তাদের আর ইমিগ্রেশন সেন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগাতে হবে না। মোবাইলে ইলেকট্রনিক বোর্ডিং পাস ব্যবহার করা যাবে কিংবা তার প্রিন্ট আউটও নিয়ে যাওয়া যেতে পারে।
দুধের দাম বৃদ্ধি-
১ সেপ্টেম্বর থেকে বাড়ছে দুধের দাম। মুম্বইতে মোষের দুধ, যা সাধারণত গোয়াল থেকে সরাসরি আসে, তার দাম লিটার প্রতি ৯টাকা করে বাড়ছে। এতদিন দুধের দাম ছিল লিটার প্রতি ৯৩ টাকা। এবার তার দাম পড়বে ১০২ টাকা। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই দাম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মূলত পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণেই দুধের দাম বাড়ানো হচ্ছে। এর জেরে খোলাবাজার বা হোলসেলে দুধের দামও বেড়ে যাবে।
আইটিআর ডেডলাইন-
আইটিআর-৩, আইটিআর-৪ ফাইল করেন যারা অর্থাৎ ব্যবসায়ী বা যাদের আয়ের অডিট প্রয়োজন হয় না, তাদের ২০২৬-২৭ সালের আয়কর ৩১ অগস্টের মধ্যেই জমা করতে হবে।
এলপিজি ই-কেওয়াইসি আপডেট-
এলপিজি সিলিন্ডারের কানেকশন চালু রাখতে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। এলপিজি সিলিন্ডারে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ অগস্ট। যদি কোনও গ্রাহক এলপিজি ভর্তুকি চালু রাখতে চান, তাহলে তাকে আগামিকালের মধ্যেই ই-কেওয়াইসি করতে হবে।
