LPG Cylinder Price Hike: নভেম্বরের প্রথম দিনেই ধাক্কা, ফের চড়চড়িয়ে বাড়ল LPG Cylinder-র দাম! এবার কত খরচ হবে?
LPG Rate Hike: প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। এবার ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।

কলকাতা: দীপাবলির আগেই বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। নভেম্বর মাসের শুরুতেই ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল (LPG Cylinder Price Hike)। অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বাড়িয়েছে। এই নিয়ে পরপর তিন মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। এবার ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।
কত টাকা দাম বাড়ল?
রিপোর্ট অনুযায়ী, ১৯ কেজির এলপিজি সিলিন্ডার, যা বাণিজ্যিক সিলিন্ডার হিসাবেই পরিচিত, তার সিলিন্ডার পিছু দাম ১০ টাকা থেকে ১১.৫০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।
কলকাতায় আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ২৯৭১ টাকা। একধাক্কায় ১৭ টাকা দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের।
এবার থেকে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮২০ টাকা পড়বে। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ২৭৭৪.৫০ টাকা। চেন্নাইতে দাম সবথেকে বেশি, এবার থেকে সিলিন্ডার পিছু খরচ পড়বে ২৯৯৪.৫০ টাকা।
গৃহস্থের বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে কি?
তবে গৃহস্থের জন্য স্বস্তির খবর, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিগত ছয় মাস ধরে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে। নভেম্বর মাসেও পুরনো দামই কার্যকর থাকবে।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও ক্যাটারিংয়ের উপরে মূল প্রভাব পড়বে।
৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম-
৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে নতুন কানেকশন নিলে দাম পড়বে ১৯০৩ টাকা। সেখানেই সিলিন্ডার ভর্তি করতে ৭৮২ টাকা খরচ পড়বে।
