Whatsapp Update: হোয়াটস্অ্যাপ থেকেই করা যাবে আমন্ত্রণ, কী এই Events ফিচার?
Whatsapp Feature: যদিও এখনওই এই ফিচার চালু হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীদের কাছে এই আপডেট পৌঁছে দেওয়া হবে। ভারতের লোকেরাও এই সুবিধা পাবেন। নতুন এই ফিচারে কোনও টাকাও দিতে হবে কি না, এমন কিছু ঘোষণা করেনি মেটা বা হোয়াটস্অ্যাপ।

কলকাতা: জন্মদিনের পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে উইকএন্ডে ঘুরতে যাওয়া – হোয়াটস্অ্যাপে একসঙ্গে আমন্ত্রণ জানাতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। কেউ আসবেন কি না, শেষ মুহূর্তে কেউ হয়ত প্ল্যান বাতিল করলেন, বা কাউকে ঠিকানা পাঠানো – সবকিছু সামলানো বেশ ঝামেলার। এবার সেই সমস্যার সমাধান করতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস্অ্যাপ। মেটা-র মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বিশেষ Events Home। এর মাধ্যমে এক জায়গা থেকেই অনুষ্ঠানের আমন্ত্রন পাঠানো, অতিথিদের তালিকা তৈরি ও কারা আসচেন – ট্র্যাক করা যাবে। সবচেয়ে বড় বিষয়, প্রাপকদের হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট বা ফোনে অ্যাপ ইনস্টল না থাকলেও ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা বাতিল করা যাবে।
কী কী সুবিধা আসছে এই নতুন ফিচারে?
১) অনুষ্ঠানের নাম, তারিখ, সময়, লোকেশন দিয়ে আপনি ব্যক্তিগত ইনভিটেশন তৈরি করতে পারবেন।
২) ইনভিটেশন লিঙ্ক শেয়ার করে WhatsApp ব্যবহার করেন না, এমন ব্যক্তিদেরও আমন্ত্রন পাঠানো যাবে।
৩) কারা অনুষ্ঠানে আসবেন, কারা আসতে পারবেন না, তা এক জায়গা থেকেই ট্র্যাক করতে পারবেন।
৪) আমন্ত্রিত অতিথিদের জন্য রিমাইন্ডার পাঠানোর ব্যবস্থা আছে।
কীভাবে তৈরি করবেন এই ইভেন্ট?
১) প্রথমে হোয়াটস্অ্যাপে সেটিংসে যান।
২) এরপর Events অপশন নির্বাচন করে Create Event এ ক্লিক করুন।
৩) অনুষ্ঠানের নাম, সময়, তারিখ ও লোকেশন লিখুন।
৪) পছন্দমতো কভার ফটো যোগ করুন ও প্রয়োজন অনুযায়ী রিমাইন্ডার সেট করুন।
৫) এবার ইনভাইটেশন লিঙ্ক তৈরি করে অতিথিদের সঙ্গে শেয়ার করুন।
৬) Events বিভাগে গিয়ে অতিথিদের RSVP ও উপস্থিতির তথ্য ট্র্যাক করুন।
যদিও এখনওই এই ফিচার চালু হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীদের কাছে এই আপডেট পৌঁছে দেওয়া হবে। ভারতের লোকেরাও এই সুবিধা পাবেন। নতুন এই ফিচারে কোনও টাকাও দিতে হবে কি না, এমন কিছু ঘোষণা করেনি মেটা বা হোয়াটস্অ্যাপ। তবে এই প্ল্যাটফর্মের এই ফিচার এবার ব্যবহার করা আরও সহজ বলে মনে করছেন নেটিজেনরা।
