Goghat School: পুজোর ছুটির পরই স্কুলে গিয়ে ‘চমক’ পাবে পড়ুয়ারা
Hooghly: আগে বিদ্যালয়টি সাড়ে ছয় হাজার টাকা অনুদান পেলেও বর্তমানে ২৫ হাজার টাকা অনুদান পাওয়ায় মেরামতি ও রং করার কাজ করা সম্ভব হয়েছে। প্রধান শিক্ষক বলেন, "সরকারিভাবে কোনও নির্দিষ্ট রঙের নির্দেশিকা নেই। ম্যানেজিং কমিটি, অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিস্কুট বা গেরুয়া ভাবের রং এবং ভিতরের দিকে হালকা সবুজ রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর ছুটির মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা ছিল।"

গোঘাট: এখন পুজোর ছুটি চলছে। স্কুল বন্ধ রয়েছে। তবে স্কুল খুললেই পড়ুয়ারা পাবে একটি চমক। কী সেটা? আসলে পুজোর ছুটিকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে রং করার কাজ। কোথাও দীর্ঘদিনের পরিচিত নীল-সাদা রং সরিয়ে দেওয়ালে পড়ছে গেরুয়া বা বিস্কুট রঙের প্রলেপ, আবার কোথাও দেখা যাচ্ছে হালকা সবুজের ছোঁয়া। ফলে ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই রং বদলে যেতে দেখবে ছাত্র-ছাত্রীরা।
কাঁটালি প্রাথমিক বিদ্যালয়-সহ গোঘাট বিধানসভা এলাকার একাধিক স্কুলে রং করার কাজ শুরু। এর মধ্যেই স্কুলে জোরকদমে চলছে রং করার কাজ। কেউ নতুন রঙের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকের প্রশ্ন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি স্কুলের রং কেন বারবার বদলাতে হবে?
সিপিএম নেতাদের অভিযোগ, স্কুলের রং পরিবর্তনের পিছনে দলীয় রাজনীতির প্রভাব রয়েছে। তাঁদের কটাক্ষ, স্কুলের দেওয়ালে রং বদল করে কি শিক্ষার মানোন্নয়ন সম্ভব? তাঁদের দাবি, রাজ্যের বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, পড়ুয়ার সংখ্যা কমছে, শিক্ষাব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত। অথচ সেই সমস্যাগুলির সমাধানে নজর না দিয়ে স্কুলের বাহ্যিক রং পরিবর্তনেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, স্বাস্থ্য দফতর-সহ বিভিন্ন সরকারি দফতরেও গেরুয়া রং করার প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তবে এই অভিযোগ মানতে নারাজ কাঁটালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ধাউরে। তাঁর বক্তব্য, বিদ্যালয়ের রং পরিবর্তনের পিছনে কোনও রাজনৈতিক নির্দেশ নেই। দীর্ঘদিন ধরে স্কুলের পুরনো নীল-সাদা রং নষ্ট হয়ে গিয়েছিল। আগে বিদ্যালয়টি সাড়ে ছয় হাজার টাকা অনুদান পেলেও বর্তমানে ২৫ হাজার টাকা অনুদান পাওয়ায় মেরামতি ও রং করার কাজ করা সম্ভব হয়েছে। প্রধান শিক্ষক বলেন, “সরকারিভাবে কোনও নির্দিষ্ট রঙের নির্দেশিকা নেই। ম্যানেজিং কমিটি, অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিস্কুট বা গেরুয়া ভাবের রং এবং ভিতরের দিকে হালকা সবুজ রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর ছুটির মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা ছিল।”
অন্যদিকে, গোঘাট বিধানসভা এলাকার স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং রং পরিবর্তন নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন গোঘাটের বিধায়ক। প্রশান্ত দিগার বলেন, “বর্তমান সরকারের পাঁচ মাসের মধ্যেই একাধিক জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণের অনুমোদন, বাউন্ডারি ওয়াল তৈরি এবং ভেঙে পড়া পরিকাঠামো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।” তাঁর কথায়, বিগত কয়েক দশকে যে কাজ হয়নি, বর্তমান সরকার সেই কাজগুলি করার চেষ্টা করছে। স্কুলে গেরুয়া রং চাপিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়ক। তিনি জানান, “পশ্চিমবঙ্গ সরকার বা শিক্ষা দফতরের তরফে স্কুলগুলির জন্য নির্দিষ্ট কোনও রঙের নির্দেশিকা জারি করা হয়নি। কোন স্কুলে কী রং হবে, তা স্থানীয় স্কুল কর্তৃপক্ষ এবং কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থার পারস্পরিক আলোচনার মাধ্যমেই ঠিক হচ্ছে।”
