অমিতাভ বচ্চনের ‘অযোধ্যা প্রেম’, রামরাজ্যে ৩৫ কোটির জমি কিনলেন শাহেনশা!
রিয়েল এস্টেট সংস্থা ‘দ্য হাউস অফ অভিনন্দন লোঢা’ (HoABL)-এর থেকে এই জমিটি কিনেছেন অমিতাভ। এটি অযোধ্যায় তাঁর প্রথম বিনিয়োগ নয়, বরং বলা ভালো এটি তাঁর ‘হ্যাটট্রিক’। এর আগে ২০২৪ সালে ‘দ্য সরযূ’ এনক্লেভে ১০ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছিলেন তিনি, যার দাম ছিল ১৪.৫ কোটি টাকা। এরপর ২০২৫ সালের মে মাসে আরও ২৫ হাজার বর্গফুটের একটি জমি কেনেন প্রায় ৪০ কোটি টাকায়। সব মিলিয়ে অযোধ্যায় নিজের সাম্রাজ্য ক্রমশ বিস্তার করছেন অভিনেতা।

অযোধ্যার পবিত্র মাটির টানে কি বারবার ফিরে যাচ্ছেন বলিউডের শাহেনশা? রামমন্দির উদ্বোধনের পর থেকেই এই পবিত্র শহরকে ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে ফের একবার সিলমোহর দিলেন খোদ বলিউডের শাহেনশা। জানা গিয়েছে, অযোধ্যায় আরও একটি বড়সড় জমি কিনেছেন তিনি। ২.৬৭ একরের এই বিশাল ভূখণ্ডের দাম সাধারণ মানুষের কল্পনার বাইরে – প্রায় ৩৫ কোটি টাকা।
অযোধ্যায় বিগ বি-র ‘হ্যাটট্রিক’
রিয়েল এস্টেট সংস্থা ‘দ্য হাউস অফ অভিনন্দন লোঢা’ (HoABL)-এর থেকে এই জমিটি কিনেছেন অমিতাভ। এটি অযোধ্যায় তাঁর প্রথম বিনিয়োগ নয়, বরং বলা ভালো এটি তাঁর ‘হ্যাটট্রিক’। এর আগে ২০২৪ সালে ‘দ্য সরযূ’ এনক্লেভে ১০ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছিলেন তিনি, যার দাম ছিল ১৪.৫ কোটি টাকা। এরপর ২০২৫ সালের মে মাসে আরও ২৫ হাজার বর্গফুটের একটি জমি কেনেন প্রায় ৪০ কোটি টাকায়। সব মিলিয়ে অযোধ্যায় নিজের সাম্রাজ্য ক্রমশ বিস্তার করছেন অভিনেতা।
অভিনন্দন লোঢা জানিয়েছেন, অমিতাভ বচ্চনের এই বিনিয়োগ প্রমাণ করে যে জমির ওপর মানুষের ভরসা কতটা অটুট। তাঁর মতে, অযোধ্যায় জমি কেনা শুধু সম্পদ বাড়ানো নয়, এটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। উল্লেখ্য, এই নতুন জমিটি লোঢা গোষ্ঠীর ৭৫ একরের মেগা প্রজেক্ট ‘দ্য সরযূ’-র খুব কাছেই অবস্থিত। শাহেনশার হয়ে পুরো লেনদেনটি সামলেছেন এবি কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব।
শুধু কি অযোধ্যা?
না, অমিতাভ বচ্চনের নজর শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ নেই। মহারাষ্ট্রের আলিবাগেও ‘সোল ডি আলিব্যাগ’ প্রকল্পে একটি প্লট কিনেছেন তিনি। যে এলাকায় কৃতি শ্যানন বা কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও আনাগোনা রয়েছে।
জমি কেনাবেচার পাশাপাশি কাজের জগতেও সমান ব্যস্ত ৮৩ বছরের এই মহাতারকা। শোনা যাচ্ছে, নাগ অশ্বিনের ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল অর্থাৎ ‘কল্কি ২’-এর শুটিং শেষ করেছেন তিনি। অশ্বত্থামার চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। হঠাৎই হায়দরাবাদে শুটিং পড়ে যাওয়ায় গত রবিবার মুম্বইয়ের ‘জলসা’-র সামনে অনুরাগীদের দেখা দিতে পারেননি তিনি। ব্লগে সেই আক্ষেপ মিটিয়ে তিনি জানিয়েছেন, কাজই আগে। আপাতত ভক্তরা অপেক্ষা করছেন, রুপোলি পর্দায় আবার কবে কামাল হাসান আর অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা যাবে?