Big Boss Bangla: ‘ওঁর ভিডিয়ো দেখে মনে হয়েছিল…’, সায়ক বেরিয়ে যেতেই তাঁকে নিয়ে কী বললেন তনুশ্রী, ভরতরা?
Sayak Chakraborty eviction: বাইরে তিনি চরম বিতর্কিত! কিন্তু সায়ক চক্রবর্তী বিগ বসের ঘর থেকে বেরোতেই কী বললেন বাকিরা? 'ওঁর ভিডিয়ো দেখে ভেবেছিলাম...', চোখে জল প্রতিযোগীদের! কী ঘটল বিগ বসের অন্দরে? কী বললেন প্রতিযোগীরা?

রবিবার বিগ বস বাংলার ঘর থেকে চিরতরে বিদায় নিলেন সোশাল মিডিয়ার পরিচিত মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। হাসিমুখে তিনি বাড়ির মূল দরজা দিয়ে বেরিয়ে গেলেও, ঘরের ভেতরে থাকা বাকি প্রতিযোগীদের চোখে তখন জল।
তিন সপ্তাহের সফর শেষ
এই সপ্তাহান্তে বিগ বসের বাড়ি থেকে দুজন বাদ পড়বেন, এমনটাই আগেই জানিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই নিয়ম মেনেই শনিবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর। এরপর রবিবার এল সায়কের পালা। পেশায় অভিনেতা হলেও, কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নেটিজেনদের কাছে তাঁর বেশি পরিচিতি। মাত্র তিন সপ্তাহ তিনি বিগ বসের বাড়িতে ছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সবার বড্ড আপন হয়ে উঠেছিলেন সায়ক। এই বাড়িতে এসেই নাকি তিনি প্রথম রুটি বানানো শিখেছিলেন! এমন আরও কত নতুন অভিজ্ঞতা হল তাঁর। সব স্মৃতি সঙ্গী করেই হাসিমুখে বিদায় নিলেন তিনি।
সায়ককে অনেকেই তাঁর ভাইরাল ভিডিয়ো আর বিতর্কের জন্য চেনেন। অনেকবার তাঁকে নিয়ে বিস্তর জলঘোলা হয়। এছাড়া বন্ধু দেবলীনা নন্দীর সঙ্গে তাঁর ব্যক্তিগত টানাপোড়েন নিয়েও কম চর্চা হয়নি। স্বভাবতই, বিগ বসের ঘরে আসার আগে তাঁকে নিয়ে দর্শকদের ও সহ-প্রতিযোগীদের মনে একটা নেতিবাচক ধারণা ছিল। কিন্তু সায়ক যখন বেরিয়ে যাচ্ছেন, তখন দেখা গেল ছবিটা সম্পূর্ণ আলাদা।
সায়ক বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঠিক আগে তাঁর অনুভূতির কথা লিখে যান। তিনি লেখেন: “বেঁচে থাকতে এই মেলায় আমি শুরু থেকেই পিছিয়ে, আমার কাছে সম্পর্ক ভাঙার থেকে অনেক দামী সম্পর্ক গড়া। আর এই বাড়ি থেকে অনেক ভালো সম্পর্ক নিয়ে যাচ্ছি সবার কাছে অনেক ভালোবাসা, ভালো থেকো। আমার হাতের রুটি মিস কর।”
কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
সায়কের বিদায়ে কেঁদে ফেলেন অনেকেই। তনুশ্রী চোখের জল মুছতে মুছতে বলেন, “ওর ভিডিয়ো দেখে ওকে অন্যরকম বলে মনে হয়েছিল। কিন্তু ছেলেটা সত্যিই খুব ভালো।” অভিনেতা ভরত কলের গলাতেও শোনা গিয়েছে প্রশংসার সুর। তিনি পরিষ্কার বলেন, “সায়ক কখনওই সবার সঙ্গে অকারণে ঝামেলা করতে পারে না। ক্যামেরার ফোকাস কাড়তেও ও জানে না। কিন্তু মানুষ হিসেবে সত্যিই ভীষণ ভাল।”
তিনি বেরিয়ে যাওয়ার পর, বিগ বসের ঘরের সমীকরণ এবার ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। টেলিপাড়ায় নতুন শোরগোল, বিগ বসের ঘরে নাকি পা রাখতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা, সৌরভ দাস! গুঞ্জন সত্যি হলে চলতি সপ্তাহের মাঝপথেই সারপ্রাইজ এন্ট্রি নেবেন তিনি। খেলা যে এবার আরও জমজমাট হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
