Bigg Boss Bangla: নন্দিনীর মায়ের হাতে ‘রাজনন্দিনী ট্যাটু’! রাজবীরকে জামাই হিসাবে মেনে নিলেন?
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর প্রেমে মজেছেন দর্শকরা, ভালোবেসে জুটির নাম দিয়েছেন ‘রাজনন্দিনী’। আর এই চর্চার মাঝেই খোদ নন্দিনীর মায়ের হাতে দেখা মিলল বিশাল এক ‘রাজনন্দিনী’ ট্যাটুর! কিন্তু কী এই ট্যাটুর আসল রহস্য? কী বলেছেন তিনি? অন্যদিকে ক্যাপ্টেনসি টাস্কে সৃজলাকে ফেলে দিয়ে রাতারাতি গোটা ঘরের রোষানলে নন্দিনী! জানতে পড়ুন...

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে শিলিগুড়ির মডেল রাজবীর দে (Rajveer Dey) পা রাখার পর থেকেই পুরো খেলার সমীকরণ যেন বদলে গিয়েছে। বিশেষ করে রাজবীর ও নন্দিনী দত্তের (Nandini Dutta) সম্পর্কের রসায়ন এই মুহূর্তে দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে। তাঁদের প্রেম, মিষ্টি খুনসুটি, সারাদিন একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে একান্তে আড্ডা, সবটাই বেশ উপভোগ করছেন বিগ বস প্রেমীরা। রাজবীরের খুল্লামখুল্লা ফ্লার্ট করার কৌশল আর নন্দিনীর লাজুক হাসি, এই দুইয়ের যুগলবন্দিতে বিগ বসের ঘরের পারদ এখন তুঙ্গে। সোশাল মিডিয়ায় এই মিষ্টি জুটিকে ভালোবেসে নেটিজেনরা ইতিমধ্যেই ‘রাজনন্দিনী’ (Rajnandini) নাম দিয়েছেন।
আর নেটপাড়ায় যখন এই জুটিকে নিয়ে মাতামাতি চলছে, ঠিক সেই সময়েই একটি ভিডিয়ো পোস্ট করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন নন্দিনীর মা পূজা দে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর হাতের অনেকটা জায়গা জুড়ে জ্বলজ্বল করছে ‘রাজনন্দিনী’ নামের বিশাল এক ট্যাটু! এই ট্যাটু নিয়ে তিনি দর্শকদের উদ্দেশে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সোশাল মিডিয়ায় শেয়ার করা ওই ভিডিয়োতে তিনি বলেন, “আপনারা সবাই রাজনন্দিনী রাজনন্দিনী করেন, ভালোই লাগে, মা হয়ে শুনতে তো খারাপ লাগে না, ভালোই লাগে।” নিজের হাতের এই বড় ট্যাটুটি দেখিয়ে তিনি বলেছেন, “ আমার ফাস্ট ট্যাটু হয়েছিল রাজনন্দিনী আমার মেয়ের নাম দিয়ে প্রথম ট্যাটু, তাও হয়ে গেল বেশ ন দশ বছর আগে”। দর্শকদের দেওয়া জুটির নামের সঙ্গে নিজের পুরনো ট্যাটুর এমন হুবহু মিল দেখে একজন মা হিসেবে তিনি যে বেশ আনন্দ পেয়েছেন, তা তাঁর কথাতেই স্পষ্ট।
তবে একদিকে এসব প্রেম আর মিষ্টি খুনসুটি চললেও, অন্যদিকে বিগ বসের ঘরের পরিবেশ আচমকাই কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন ঘোড়ায় চড়ার একটি খেলায় ঘটে গিয়েছে এক মারাত্মক ঘটনা। খেলার নিয়মে সরাসরি কাউকে আঘাত করা নিষেধ থাকলেও, নন্দিনীর প্রবল আক্রমণে ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান সৃজলা গুহ (Srijla Guha)। যন্ত্রণায় কেঁদে ওঠেন তিনি। আঘাত এতটাই গুরুতর ছিল যে, বিগ বসের নির্দেশে রাজবীর সৃজলাকে কোলে তুলে বিশ্রামে নিয়ে যান। একটু আগেও যে সৃজলার সঙ্গে নন্দিনী স্বাভাবিকভাবে কথা বলেছিলেন, তাঁকে এভাবে ফেলে দেওয়ার বিষয়টি কেউই ভালোভাবে নেননি। খেলার ময়দানে নন্দিনীর এই আক্রমণাত্মক আচরণের জন্যই তাঁর ওপর এখন রীতিমতো রেগে রয়েছেন ঘরের প্রায় সব সদস্য।
