AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: সকালে ‘ডোন্ট টাচ মি’, রাতে হাত ধরে রোম্যান্স! রাজবীর-নন্দিনীর ভিডিয়ো ভাইরাল

Rajveer Nandini: সকালে 'আমাকে ছোঁবে না' বলে চিৎকার, আর রাতেই বিছানায় হাত ধরে রোম্যান্স! বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর এই নতুন সমীকরণ নিয়ে জোর চর্চা। বিগ বসের ঘরে কী ঘটিয়েছেন রাজবীর নন্দিনী?

Bigg Boss Bangla: সকালে ‘ডোন্ট টাচ মি’, রাতে হাত ধরে রোম্যান্স! রাজবীর-নন্দিনীর ভিডিয়ো ভাইরাল
কী ঘটিয়েছেন দুজনে?
| Updated on: Sep 11, 2026 | 2:05 PM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) মানেই পরতে পরতে চমক! সকালে চরম ঝগড়া, আর রাতেই গভীর প্রেম! বিগ বসের ঘরে নন্দিনী এবং রাজবীরের সম্পর্ক এখন ঠিক এই রাস্তাতেই হাঁটছে? সকালে রাজবীরের ওপর রেগে আগুন হয়ে যে নন্দিনী চিৎকার করে বলেছিলেন “আমাকে ছোঁবে না!”, দিনের শেষে সেই রাজবীরের হাতে হাত রেখেই চলল তাঁর ফিসফিসানি। তাঁদের এই অদ্ভুত সমীকরণ দেখে দর্শকদের রীতিমতো চোখ কপালে উঠেছে।

‘আমাকে ছোঁবে না!’- কান্নায় ভেঙে পড়েন নন্দিনী

ঘরে পা দেওয়ার পর থেকেই রাজবীর নানা রকম চাল চালছেন। কখনও তিনি জয়িতার সঙ্গে ফ্লার্ট করছেন, তো কখনও সৃজলার সঙ্গে। এই সব দেখে চরম অভিমান হয় নন্দিনীর। ঘরের এক কোণে বসে তিনি যখন অঝোরে কাঁদছিলেন, তখন রাজবীর তাঁর চোখের জল মুছিয়ে দিতে যান। তখনই এক ঝটকায় হাত সরিয়ে নন্দিনী চিৎকার করে ওঠেন, “আমাকে ছোঁবে না!” নন্দিনী বুঝতে পারেন রাজবীর তাঁর সরলতার সুযোগ নিয়ে গেম খেলছেন। তিনি সাফ জানিয়ে দেন, রাজবীর যেন তাঁর সঙ্গে আর কোনও কথা না বলেন। রাজবীরও মুখের ওপর স্বীকার করে নেন যে তিনি নিজের গেম জেতার জন্যই এসব করছেন।

টাস্ক নিয়ে ধুন্ধুমার ও হাতাহাতি

এই দুঃখ আর রাগের মধ্যেই শুরু হয় ক্যাপ্টেন হওয়ার নতুন টাস্ক ‘শিলাবৃষ্টি’। এই খেলায় আকাশ থেকে পড়া সাদা বল প্রতিযোগীদের নিজেদের পাত্রে জমা করতে হত। এখানেও রাজবীর একাই গোটা ঘরের বিরুদ্ধে চলে যান! নন্দিনী ও সৃজলাকে জেতানোর জন্য তিনি জোর করে অন্যদের পাত্র ভেঙে দেন। এই নিয়ে দুর্নিবার সাহা, ভরত কল এবং মনামীর সঙ্গে তাঁর তুমুল ঝগড়া ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দুর্নিবার তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করেন। সোনামণি এবং দীপেন্দুও রাজবীরের এই আচরণের কড়া নিন্দা করেন। শেষে সঞ্চালক জয়িতা রাজবীরকে খেলা থেকেই সরিয়ে দেন।

ঝগড়া শেষে রোম্যান্স

তবে সবচেয়ে বড় চমকটি আসে দিনের শেষে। সারাদিনের এত ঝামেলা, মন কষাকষি আর কান্নাকাটির পর দেখা যায় এক অন্য ছবি। রাতে বিছানায় পাশাপাশি শুয়ে আছেন রাজবীর আর নন্দিনী। রাজবীর শক্ত করে ধরে আছেন নন্দিনীর হাত! রাজবীর ফিসফিস করে নন্দিনীকে বলেন, “তুমি এত স্ট্রং? আসলে তুমি যোগ্য বলেই আমি ওদের খেলায় একটু কাঠি করেছি।” এই কথা শুনে সকালে রেগে আগুন হওয়া নন্দিনী লজ্জায় একেবারে লাল হয়ে যান।

সকালে যিনি ছুঁতে দেননি, রাতেই তাঁর হাত ধরে এমন রোম্যান্স! রাজবীর ও নন্দিনীর এই মুহূর্তের ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল। বিগ বসের ঘরে এটা কি সত্যিই নতুন প্রেমের শুরু, নাকি পুরোটাই গেম জেতার নতুন কোনও চাল? দর্শকরা এখন সেটাই দেখার অপেক্ষায়।

Follow Us