AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হানি সিংয়ের কনসার্টে তুলকালাম! গেট টপকে ঢোকার চেষ্টা তরুণীর, নিরাপত্তারক্ষীদের বেধড়ক গালিগালাজ

মুম্বইয়ের এই শো ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু শো শেষে অনেক অনুরাগীই ক্ষোভ উগরে দিয়েছেন আয়োজকদের ওপর। অভিযোগ উঠেছে, ভিড় সামলাতে চরম ব্যর্থ হয়েছে নিরাপত্তা বিভাগ। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকতে হয়েছে দর্শকদের।

হানি সিংয়ের কনসার্টে তুলকালাম! গেট টপকে ঢোকার চেষ্টা তরুণীর, নিরাপত্তারক্ষীদের বেধড়ক গালিগালাজ
Image Credit: wikipedia
| Updated on: Mar 29, 2026 | 6:36 PM
Share

রণংদেহি মেজাজে এক তরুণী। বন্ধ গেট বেয়ে উপরে ওঠার মরিয়া চেষ্টা, আর বাধা দিতে আসতেই নিরাপত্তারক্ষীদের দিকে ধেয়ে এল অশ্রাব্য গালিগালাজ! জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের মুম্বইয়ের কনসার্ট ঘিরে এখন এমনই এক ভিডিয়ো নেটপাড়ায় ঝড়ের গতিতে ঘুরছে। যেখানে সুরের মায়াজাল ছাপিয়ে বড় হয়ে উঠেছে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার ছবি।

শনিবার রাতে মুম্বইয়ের বিকেসি-র এমএমআরডিএ গ্রাউন্ডে বসেছিল হানি সিংয়ের ‘মাই স্টোরি – ইন্ডিয়া চ্যাপ্টার’ ট্যুরের আসর। ‘ডোপ শোপে’, ‘ব্লু আইজ’ থেকে শুরু করে ‘লুঙ্গি ডান্স’— একের পর এক চার্টবাস্টারে যখন হাজার হাজার দর্শক মাতোয়ারা, তখনই অডিটোরিয়ামের বাইরে তৈরি হয় চরম উত্তেজনা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা অনুরাগী কোনওভাবে ভিতরে ঢোকার জন্য বন্ধ গেট বেয়ে ওঠার চেষ্টা করছেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে আটকাতে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ওই তরুণী রীতিমতো উত্তেজিত হয়ে নিরাপত্তারক্ষীদের গালিগালাজ শুরু করেন। এই ঘটনা ক্যামেরাবন্দি হতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

মুম্বইয়ের এই শো ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু শো শেষে অনেক অনুরাগীই ক্ষোভ উগরে দিয়েছেন আয়োজকদের ওপর। অভিযোগ উঠেছে, ভিড় সামলাতে চরম ব্যর্থ হয়েছে নিরাপত্তা বিভাগ। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকতে হয়েছে দর্শকদের। এমনকি দাবি করা হয়েছে, সাধারণ পাস নিয়ে অনেকে ভিআইপি বা প্রিমিয়াম সেকশনে ঢুকে পড়েছেন, যার ফলে বিশৃঙ্খলা আরও বাড়ে। ওই তরুণীর আচরণের নেপথ্যেও এই অব্যবস্থাপনা দায়ী কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাইরে যখন এই তুলকালাম চলছে, মঞ্চে তখন হানি সিংয়ের ধামাকা সবাই কে চমকে দিয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি যখন ‘মিলিওনেয়ার’ গানটি গাইছেন, তখন মঞ্চে হাজির হয় একটি সাদা রঙের রোলস রয়েস ঘোস্ট সিরিজ ২। প্রায় ৯ কোটি টাকা মূল্যের এই লাক্সারি গাড়িতে চড়ে র‍্যাপারের এন্ট্রি দেখে কার্যত থমকে গিয়েছিল গোটা স্টেডিয়াম। বিশৃঙ্খলা সত্ত্বেও হানি সিংয়ের এনার্জিতে কোনও খামতি ছিল না।

মুম্বইয়ের পর এবার হানি সিংয়ের সফর এগোবে পুনে (৪ এপ্রিল), কোটা (১১ এপ্রিল), ইন্দোর (২৫ এপ্রিল) এবং লখনউয়ের (২ মে) দিকে। আগামী ৯ মে কলকাতায় তাঁর পারফর্ম করার কথা রয়েছে। তবে মুম্বইয়ের এই অপ্রীতিকর ঘটনা বড় ইভেন্টগুলোতে দর্শকদের নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আবারও বড়সড় প্রশ্ন তুলে দিল।

Follow Us