Brahmastra 2: ‘ব্রহ্মাস্ত্র ২’ থেকে দীপিকা ‘OUT’! রণবীরের ছবিতে এবার এন্ট্রি নিচ্ছেন কে?
Deepika Padukone Brahmastra 2 Cast: ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে এতদিনের সব জল্পনায় শেষমেশ পড়ল দাঁড়ি! ছবিতে দীপিকা পাড়ুকোনের থাকা না-থাকা নিয়ে মুখ খুলল নায়িকার টিম। এদিকে রণবীর কাপুরের মেগা প্রজেক্টে এন্ট্রি হতে পারে কার? অয়ন মুখোপাধ্যায়ের এই হাই-ভোল্টেজ ফ্র্যাঞ্চাইজিতে ঠিক কী বদল আসতে চলেছে?

রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর ম্যাজিকাল ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র সিক্যুয়েল নিয়ে বি-টাউনে এখন থেকেই টানটান উত্তেজনা। ২০২২ সালে প্রথম পর্ব শেষ হওয়ার পর থেকেই সিনেপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শিবার মা ‘অমৃতা’র চরিত্রে কি তবে দীপিকা পাড়ুকোনই আসছেন? কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিল নায়িকার টিম। দীপিকার মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন শোরগোল।
দীপিকার না-থাকার খবরের মাঝেই শোনা যাচ্ছে এক নতুন মুখের নাম। ‘সাইয়ারা’ খ্যাত তরুণ অভিনেত্রী অনীত পাড্ডার কাছে নাকি ইতিমধ্যেই গিয়েছে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের টিমের সঙ্গে তাঁর কথাবার্তাও চলছে জোরকদমে। যদিও এখনও সইসাবুদ হয়নি, তবে সব ঠিক থাকলে রণবীরের ছবিতে এক নতুন ফ্রেশ লুকে দেখা মিলতে পারে অনীতের।
তবে সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে রয়েছে খোদ ছবির হিরোকে ঘিরেই! মাঝে শোনা যাচ্ছিল, খলনায়ক ‘দেব’-এর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এবার বাবা ‘দেব’ আর ছেলে ‘শিবা’, দুটো চরিত্রেই একসঙ্গে থাকতে পারেন রণবীর কাপুর নিজে। এই ডবল রোলে নিজেকে পুরোপুরি ভেঙে নতুনভাবে মেলে ধরার চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন অভিনেতা।
এদিকে ছবিতে আলিয়া ভাট (Alia Bhatt)-এর থাকা নিয়েও চলে এসেছে বড় আপডেট। তাঁর চরিত্র ‘ইশা’কে এবার আরও বড় পরিসরে দেখতে পাবেন দর্শকরা। ছবির প্রায় ১২৫ দিনের শুটিংয়ের মধ্যে আলিয়া একাই ২৫ দিন শুটিং করবেন বলে জানা গিয়েছে। চলতি বছর দীপাবলিতে ‘রামায়ণ পার্ট ১’ বড় পর্দায় আসার পরেই জোরকদমে শুরু হবে ব্রহ্মাস্ত্রের পরের অধ্যায়ের শুটিং।
