অন্তঃসত্ত্বা হওয়ার জন্য ‘রাকা’-র অ্যাকশন দৃশ্য থেকে বাদ দীপিকা?
শুধু ‘রাকা’ নয়, দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে বহুল চর্চিত ছবি ‘কিং’। সেখানেও একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তাঁকে। গত ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে ছোট্ট দুয়ার হাত ধরা একটি মিষ্টি পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন রণবীর-দীপিকা। ২০১২ সালে ‘রাম-লীলা’র সেট থেকে শুরু হওয়া প্রেম ২০১৮-তে পরিণয় পায়।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করার পর থেকেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কিন্তু আনন্দের খবরের মাঝেই টলিপাড়ায় দানা বেঁধেছিল এক দুশ্চিন্তা। প্রশ্ন উঠছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকা কি তাঁর মেগা প্রজেক্ট ‘রাকা’ এবং ‘কিং’-এর কাজ শেষ করতে পারবেন? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল যে, আল্লু অর্জুনের বিপরীতে দীপিকার দৃশ্য নাকি অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই ধোঁয়াশা কাটাতে সরাসরি মুখ খুললেন ছবির নির্মাতারা।
অনেকেই মনে করছিলেন, শারীরিক অবস্থার কথা ভেবে দীপিকার চরিত্রের গুরুত্ব কমিয়ে চিত্রনাট্যে বদল আনা হচ্ছে। তবে এক সাক্ষাৎকারে ছবির টিম সাফ জানিয়ে দিয়েছে যে, এমন কোনও আশঙ্কার অবকাশ নেই। তাঁদের কথায়, “সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সেটে দারুণ এনার্জির সঙ্গে কাজ চলছে এবং শুটিংয়ে কোনও বিঘ্ন ঘটেনি।” অর্থাৎ, দীপিকার চরিত্র ছোট হওয়ার খবরটি যে কেবলই রটনা, তা স্পষ্ট করে দিলেন নির্মাতারা।
সূত্র মারফত জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের পেশাদারিত্বে বিন্দুমাত্র আপস করছেন না অভিনেত্রী। এমনকি ‘রাকা’ ছবির জন্য বেশ কিছু চ্যালেঞ্জিং অ্যাকশন সিকোয়েন্সে শুটিং করছেন তিনি। গোটা গর্ভাবস্থাতেই তিনি এই ছবির জন্য কাজ চালিয়ে যাবেন বলে খবর। অ্যাটলি পরিচালিত এই ছবিতে প্রথমবারের জন্য আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকাকে, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
শুধু ‘রাকা’ নয়, দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে বহুল চর্চিত ছবি ‘কিং’। সেখানেও একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তাঁকে। গত ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে ছোট্ট দুয়ার হাত ধরা একটি মিষ্টি পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন রণবীর-দীপিকা। ২০১২ সালে ‘রাম-লীলা’র সেট থেকে শুরু হওয়া প্রেম ২০১৮-তে পরিণয় পায়। ২০২৪-এ কোল আলো করে আসে মেয়ে দুয়া। এবার ফের নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন পাওয়ার কাপল। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের খুশির খবর আর পেশাদার জীবনের ব্যস্ততা— দুই মিলিয়েই শিরোনামে এখন ‘মিসেস ধুরন্ধর’।
