‘ধুরন্ধর ২’-এর ঝড়ে খড়কুটোর মতো উড়ল কঙ্গনার ‘এমার্জেন্সি’? রাকেশ বেদীর বিস্ফোরক মন্তব্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ বেদীকে প্রশ্ন করা হয়েছিল, ‘ধুরন্ধর ২’ কি কোনও বিশেষ রাজনৈতিক মতাদর্শ বা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে? উত্তরে অভিনেতা জানান, দর্শকরা ছবিটিকে ভালোবাসছেন, সেটাই শেষ কথা। এর রেশ টেনেই তিনি কঙ্গনার ‘এমার্জেন্সি’র প্রসঙ্গ তোলেন। গত বছর মুক্তি পাওয়া কঙ্গনার এই ছবি বক্স অফিসে মাত্র ২৩ কোটি টাকা আয় করতে পেরেছিল।

বক্স অফিসে এখন একটাই নাম— ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিংয়ের এই ছবি যখন সাফল্যের শিখরে চড়ছে, ঠিক তখনই বলিউডের অন্য এক চর্চিত সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। কঙ্গনা রানাওয়াতের স্বপ্নের প্রোজেক্ট ‘এমার্জেন্সি’ কেন মুখ থুবড়ে পড়ল, তা নিয়ে সটান তোপ দাগলেন তিনি। অভিনেতার সাফ কথা, প্রচার বা প্রোপাগান্ডা দিয়ে নয়, দর্শক সিনেমা বিচার করে তার গুণমান দিয়ে। আর ঠিক এখানেই কঙ্গনার ছবিকে টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ বেদীকে প্রশ্ন করা হয়েছিল, ‘ধুরন্ধর ২’ কি কোনও বিশেষ রাজনৈতিক মতাদর্শ বা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে? উত্তরে অভিনেতা জানান, দর্শকরা ছবিটিকে ভালোবাসছেন, সেটাই শেষ কথা। এর রেশ টেনেই তিনি কঙ্গনার ‘এমার্জেন্সি’র প্রসঙ্গ তোলেন। গত বছর মুক্তি পাওয়া কঙ্গনার এই ছবি বক্স অফিসে মাত্র ২৩ কোটি টাকা আয় করতে পেরেছিল। রাকেশের কথায়, “সম্প্রতি ইন্দিরা গান্ধী এবং প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, কিন্তু সেই ছবিগুলো দু-দিনও প্রেক্ষাগৃহে টিকতে পারেনি।” অর্থাৎ, বিষয়বস্তু যাই হোক না কেন, চিত্রনাট্য দুর্বল হলে যে দর্শক মুখ ফিরিয়ে নেয়, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
কেন সফল ‘ধুরন্ধর ২’?
রাকেশ বেদীর মতে, এই ছবির সাফল্যের আসল কারণ হল এর টানটান চিত্রনাট্য এবং অসাধারণ মেকিং। তিনি বলেন, “ধুরন্ধর-এর স্ক্রীপ্ট এবং স্ক্রিনপ্লে দুর্দান্ত। ভারতের সিনেমা ইতিহাসে এত বড় মাপের কাজ আগে কখনও হয়নি।” শুধু তাই নয়, রণবীর সিং অভিনীত এই ছবিটি প্রথম বলিউড সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকার গণ্ডি পার করে ইতিহাস তৈরি করেছে। লিয়ারি গ্যাংস্টার রেহমান ডাকাইতের মৃত্যুর পরবর্তী ঘটনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে তৈরি এই থ্রিলার এখন দেশজুড়ে উন্মাদনা তৈরি করেছে।
কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। শিখ সম্প্রদায়ের আপত্তি থেকে শুরু করে সেন্সর বোর্ডের কাঁচি— বারবার পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। শেষমেশ যখন মুক্তি পেল, তখন বক্স অফিসের হাল ছিল শোচনীয়। রাকেশ বেদী ঘুরিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে, সিনেমাকে প্রোপাগান্ডা বা নির্দিষ্ট কোনও গণ্ডিতে আটকে রাখা ঠিক নয়। দর্শক এখন অনেক বেশি সচেতন। তাঁরা সিনেমা হলে বিনোদন এবং ভালো গল্প খুঁজছেন, যা ‘ধুরন্ধর ২’ দিতে পেরেছে কিন্তু ‘এমার্জেন্সি’ পারেনি।
বর্তমানে দেশের প্রেক্ষাগৃহগুলোতে যে উন্মাদনা চলছে, তা রাকেশ বেদীর দীর্ঘ অভিনয় জীবনে খুব কম দেখেছেন বলে জানিয়েছেন। অভিনেতার মতে রণবীর সিংয়ের হামজা চরিত্রটি যেভাবে দর্শকদের মন জয় করেছে, তাঁর পাশে কঙ্গনার ইন্দিরা গান্ধী অবতার যে ম্লান হয়ে গিয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
