‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের দ্বৈত অবতার, ফিরছেন কি অক্ষয় খান্না?
প্রথম ছবির শেষে রহমানের মৃত্যু দেখানো হলেও, সিক্যুয়েলে অক্ষয় খান্নার উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। ট্রেলার এবং নির্মাতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অক্ষয়ের নাম ট্যাগ করা থাকায় অনুরাগীদের ধারণা, 'ফ্ল্যাশব্যাকে' বা পুরনো স্মৃতির হাত ধরে আবারও পর্দায় দেখা যেতে পারে রহমানকে। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ২০২৬-এর অন্যতম আলোচিত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। প্রথম কিস্তিতে রণবীর সিং-এর চরিত্র ‘হামজা’ যেভাবে ধূর্ত বুদ্ধিতে অক্ষয় খান্না ওরফে ‘রহমান ডাকাত’-এর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিয়েছিল, সেই রেশ ধরেই শুরু হচ্ছে দ্বিতীয় ভাগের গল্প। সঞ্জয় দত্ত অভিনীত এসপি আসলাম চৌধুরীর সাহায্যে রহমানকে খতম করার পর হামজা এখন লয়ারির দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু খলনায়ক রহমানের মৃত্যু কি সব গল্পের শেষ, নাকি শুরু?
প্রথম ছবির শেষে রহমানের মৃত্যু দেখানো হলেও, সিক্যুয়েলে অক্ষয় খান্নার উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। ট্রেলার এবং নির্মাতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অক্ষয়ের নাম ট্যাগ করা থাকায় অনুরাগীদের ধারণা, ‘ফ্ল্যাশব্যাকে’ বা পুরনো স্মৃতির হাত ধরে আবারও পর্দায় দেখা যেতে পারে রহমানকে। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি।
নতুন ট্রেলারে রণবীর সিংকে তাঁর দ্বৈত চরিত্রে— জসকিরত সিং রাঙ্গি এবং হামজা আলি মাজারি হিসেবে দেখা যাচ্ছে। জসকিরত কীভাবে হামজা হয়ে উঠলেন? কে এই রহস্যময় ‘শের-এ-বালুচ’? আর ‘মিশন ধুরন্ধর’-এর পরবর্তী ধাপটাই বা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ১৯ মার্চ।
সিক্যুয়েলে আর মাধবনের চরিত্র ‘অজয় সান্যাল’-এর গুরুত্ব আরও বাড়ছে। জসকিরতকে চরবৃত্তি এবং যুদ্ধের প্রশিক্ষণ দিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, করাচিতে রহমানের মৃত্যুর পর ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, তা দখল করতে মরিয়া উজেয়ির বালুচ। মেজর ইকবাল বা এসপি আসলাম চৌধুরী কি হামজার আসল পরিচয় ধরে ফেলবেন? ইয়ালিনা কি জানতে পারবেন তাঁর ভালোবাসার মানুষের আসল সত্যিটা? এই সব নিয়েই দানা বেঁধেছে চিত্রনাট্য।
জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত এই স্পাই-অ্যাকশন সাগা মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ, ২০২৬। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত রণবীর সিং।
