গোবিন্দার পরকীয়া বিতর্কের মাঝেই ডিভোর্সের মামলা প্রত্যাহার স্ত্রী সুনীতার
Sunita Ahuja Withdraws Divorce: তবে বিবাহবিচ্ছেদের আবেদন করতে নয়, বরং আগে দায়ের করা মামলা প্রত্যাহার করতেই তিনি আদালতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, "পরিবারে ঝামেলা হতেই পারে, তা বলে সংসার তো আর থেমে থাকে না।" তবে এই ব্যক্তিগত টানাপোড়েন যেভাবে প্রকাশ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন তিনি।

মুম্বইয়ের ফ্যামিলি কোর্টের বাইরে হঠাৎ দেখা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে তৈরি হল নতুন জল্পনা। তবে বিবাহবিচ্ছেদের আবেদন করতে নয়, বরং আগে দায়ের করা মামলা প্রত্যাহার করতেই তিনি আদালতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, “পরিবারে ঝামেলা হতেই পারে, তা বলে সংসার তো আর থেমে থাকে না।” তবে এই ব্যক্তিগত টানাপোড়েন যেভাবে প্রকাশ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন তিনি।
ম্যানেজার শশী সিনহা আক্ষেপের সুরে বলেন, “ব্যাপারটা যেই আদালতে গড়াল, অমনি পুরো বিশ্ব জেনে গেল। কিন্তু দুনিয়ার কি এটা জানার কোনও দরকার ছিল? একেবারেই ছিল না। পরিবারের বিষয়গুলো তো নিজেদের চারদেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সামনাসামনি বসে কথা বলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যদি আজ মামলাটি তুলেই নিতে হল, তবে সেটি ফাইলই বা করা হয়েছিল কেন? এটাই আমাকে কষ্ট দিচ্ছে। আমরা কেন হাসির পাত্র হয়ে উঠলাম?”
অভিনেতার বর্তমান প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি যোগ করেন, “এই মুহূর্তে গোবিন্দার কোনও প্রতিক্রিয়া নেই। ঘটনাটি তো কয়েক মুহূর্ত আগেই ঘটল। ঈশ্বর যেন সবাইকে সদবুদ্ধি দেন এবং প্রত্যেকে যেন বিবেচনা করে পদক্ষেপ নেন। এর বাইরে গোবিন্দা, সুনীতা বা ওদের সন্তান— আমি প্রত্যেকের জন্যই ভালোটাই প্রার্থনা করি।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই গোবিন্দা ও সুনীতার দাম্পত্য জীবন ঘিরে বলিপাড়ায় জোর চর্চা চলছে। সহ-অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সম্পর্কের অবনতি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় ওঠে।
পরবর্তীকালে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন সুনীতা নিজেও। সহ-অভিনেত্রীর সঙ্গে স্বামীর দেখা যাওয়ার বিষয়ে পাপারাজ্জিরা প্রশ্ন করলে বিরক্তি প্রকাশ করে তিনি সংক্ষেপে উত্তর দিয়েছিলেন, “বিনাশকালে বিপরীত বুদ্ধি!”
এমনকি নেটিজেনরা গোবিন্দাকে ‘চিটার নম্বর ওয়ান’ বলা শুরু করলে সুনীতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমি গোবিন্দার ভক্তদের কাছেই একটা প্রশ্ন রাখতে চাই। যখনই আমি কোনও কথা বলি, সবাই আমাকে ট্রোল করতে শুরু করে। এখন আমি চাই গোবিন্দার ভক্ত এবং সংবাদমাধ্যম এই উত্তরটা দিক। আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, এসব নিয়ে আমার আর কোনও আগ্রহও নেই।”
