AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hanuman Ansh: ২ কোটির ছবিতে ৪৫২ কোটির ব্যবসা! বলিউড মুখ ফেরালেও এবার জোড়া ওটিটিতে আসছে ‘হনুমান অংশ’

Hanuman Ansh OTT Release: বড় তারকা নেই, ছিল না প্রচারের ঘনঘটাও। তবু মাত্র ২ কোটি টাকায় তৈরি হয়ে বিশ্বজুড়ে ৪৫২ কোটির বেশি ব্যবসা করেছে ‘হনুমান অংশ’। বলিউডের বড় প্রযোজকরা পাত্তা না দিলেও এবার একসঙ্গে দু’টি বড় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নিম করোলি বাবার এই কাহিনি। কবে থেকে কোথায় দেখা যাবে ছবিটি?

Hanuman Ansh: ২ কোটির ছবিতে ৪৫২ কোটির ব্যবসা! বলিউড মুখ ফেরালেও এবার জোড়া ওটিটিতে আসছে ‘হনুমান অংশ’
কবে কোথায় দেখতে পাবেন?
| Updated on: Nov 26, 2026 | 10:57 AM
Share

বড় তারকা নেই, ছিল না প্রচারের ঘনঘটাও। তবু মাত্র ২ কোটি টাকায় তৈরি হয়ে বিশ্বজুড়ে ৪৫২ কোটির বেশি ব্যবসা করেছে ‘হনুমান অংশ’। বলিউডের বড় প্রযোজকরা পাত্তা না দিলেও এবার একসঙ্গে দু’টি বড় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নিম করোলি বাবার এই কাহিনি। কবে থেকে কোথায় দেখা যাবে ছবিটি?

বড় বাজেট বা নামীদামি তারকা ছাড়া নাকি সিনেমা চলে না! বলিউডের এই চেনা ছকটাকে এক ধাক্কায় বদলে দিয়েছে হনুমান অংশ (Hanuman Ansh)। মাত্র ২ কোটি টাকা খরচ করে তৈরি একটি ছবি বিশ্বজুড়ে ৪৫২.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে। প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার একসঙ্গে দু’টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নিম করোলি বাবার জীবন নিয়ে তৈরি এই ছবি। তবে কোন দু’টি প্ল্যাটফর্মে আর কবে থেকে ছবিটি দেখা যাবে, সেখানেও রয়েছে দারুণ চমক।

কোন দু’টি ওটিটিতে মুক্তি পাচ্ছে ছবিটি?

চলতি মাসের শুরুতেই ‘সনি লিভ’ জানিয়েছিল, আগামী ২৭ নভেম্বর তাদের প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে। এর মাঝেই দর্শকদের চমকে দিয়ে ‘নেটফ্লিক্স’ জানাল, আগামী ২৯ নভেম্বর থেকে নেটফ্লিক্স ইন্ডিয়াতেও দেখা যাবে ‘হনুমান অংশ’। অর্থাৎ দু’দিনের ব্যবধানে দু’টি বড় প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি।

নেটফ্লিক্সের তরফে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, বিশ্বাস কীভাবে একজন মানুষের জীবন বদলে দেয় এবং তাঁর ভক্তি কীভাবে হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনে, সেই গল্পই বলবে এই ছবি। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং গুজরাটি- এই পাঁচটি ভাষায় ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

বক্স অফিসে এত বড় সাফল্য পেলেও বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থাগুলো কিন্তু এই ছবি নিয়ে একটি কথাও বলেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে আক্ষেপ শোনা গেল ছবির পরিচালক ডঃ বিশাল চতুর্বেদীর গলায়।

তাঁর কথায়, কোনও বড় ছবি হিট হলেই বড় প্রযোজনা সংস্থাগুলো শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দেয়। কিন্তু তাঁদের ছবিটা ছোট এবং তিনি নতুন পরিচালক বলে কোনও বড় স্টুডিও বা প্রযোজক একটি শুভেচ্ছাবার্তাও পাঠাননি। বিষয়টি তাঁর কাছে বেশ অবাক করার মতোই লেগেছে।

পাশে দাঁড়িয়েছেন কারা?

ইন্ডাস্ট্রির বড় প্রযোজকরা মুখ ফিরিয়ে নিলেও সাধারণ মানুষ ছবিটিকে আপন করে নিয়েছেন। পরিচালকের মতে, বাইরে মানুষের সঙ্গে দেখা হলে তাঁরা ছবির গল্প নিয়ে খুব প্রশংসা করেন। তবে বলিউড ও খেলার দুনিয়ার কয়েকজন মানুষ প্রকাশ্যে ছবির পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে অভিনেতা বরুণ ধাওয়ান এবং প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ রয়েছেন। পরিচালক বিশাল চতুর্বেদীর নিজের লেখা বই ‘ডিভাইন ডিট্যুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য এবং চন্দন আনন্দ।

পরিচালকের মতে, বড় তারকা বা কোটি কোটি টাকা ঢাললেই যে ছবি সফল হয়, সেই ভুল ধারণা এবার ভেঙে গিয়েছে। সিনেমা হল সাধারণ মানুষের জায়গা। আগে সমালোচক বা সোশ্যাল মিডিয়ার আলোচনা দেখে মানুষ ছবি দেখতে যেতেন। কিন্তু এখন দর্শক নিজেই ছবি দেখে ভালো-মন্দ বিচার করেন। ভালো গল্প থাকলে যে প্রচারের জাঁকজমক ছাড়াই দর্শকের মন জয় করা যায়, ‘হনুমান অংশ’ সেটাই দেখিয়ে দিল।

Follow Us