Kangana Ranaut slams Taapsee Pannu: পরিবার নিয়ে টানাহেঁচড়া! তাপসীর কথায় বেজায় চটে গিয়ে ‘সস্তা কপি’ খোঁচা কঙ্গনার
Kangana vs Taapsee: বলিউডে কঙ্গনা রানাওয়াত ও তাপসী পান্নুর পুরনো লড়াই ফের শুরু হল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী তাঁদের পারিবারিক শিক্ষা নিয়ে একটি মন্তব্য করেন। সেই কথা প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় বেজায় চটে গিয়েছেন কঙ্গনা। তাপসীকে ‘সস্তা কপি’ বলে পালটা জবাব দিয়ে পোস্ট করেছেন তিনি।

বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবং স্পষ্টভাষী তাপসী পান্নুর (Taapsee Pannu) বহু পুরনো ঠান্ডা লড়াই যেন কিছুতেই থামছে না। দীর্ঘদিন ধরে সমাজমাধ্যমে তাঁদের বাক্যবাণ চললেও, আশ্চর্যের বিষয় হল বাস্তবে তাঁরা এখনও পর্যন্ত একে অপরের মুখোমুখিই হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা প্রকাশ্যে আসতেই দুই অভিনেত্রীর পুরনো বিবাদ নতুন করে চরম আকার নিয়েছে।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাপসীকে তাঁদের পুরনো সংঘাত নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী স্পষ্ট জানান, ঝামেলার আগেও কঙ্গনার সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি, আর এই বিতর্কের পরেও দেখা হয়নি। কথার রেশ টেনে তাপসী আরও বলেন, তিনি কীভাবে কথা বলেন বা কীভাবে কোনও বিষয়কে দেখেন, তা পুরোটাই নির্ভর করে তাঁর পরিবারের শিক্ষা ও বড় হয়ে ওঠার পরিবেশের ওপর। ঠিক একইভাবে কঙ্গনার আচরণও তাঁর পারিবারিক শিক্ষারই প্রতিফলন। কে কেমন মানসিকতার মানুষ, তা তাঁদের কথাবার্তা থেকেই দর্শক সহজে বুঝে নিতে পারেন।
তাপসীর এই কথা প্রকাশ্যে আসতেই চটে লাল হয়ে গিয়েছেন কঙ্গনা। নিজের সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী লেখেন, তাপসী তাঁর মা-বাবা এবং পারিবারিক শিক্ষাকে কটাক্ষ করে সব সীমা পার করে গিয়েছেন। কঙ্গনার স্পষ্ট দাবি, সামনে তাপসীর একটি কম বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে বলেই সংবাদমাধ্যমে শিরোনামে থাকার জন্য তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। কঙ্গনা আরও ব্যঙ্গ করে লেখেন, সব মা-বাবাই নিজেদের সেরাটা দিয়ে সন্তান মানুষ করেন। কিন্তু তাপসীর বাবা-মা কেন আসল কাউকে জন্ম না দিয়ে একটি ‘সস্তা কপি’ তৈরি করলেন, তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন।
উল্লেখ্য, এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ২০১৯ সালে। কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির ট্রেলার দেখে তাপসী প্রশংসা করলেও কঙ্গনার নাম উল্লেখ করেননি। এতেই চটে গিয়ে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সমাজমাধ্যমে তোপ দেগে তাপসীকে প্রথম ‘সস্তি কপি’ বলে আক্রমণ করেছিলেন। এরপর ২০২০ সালে বলিউডে নেপোটিজম বিতর্ক তুঙ্গে উঠলে কঙ্গনা সরাসরি তাপসী ও স্বরা ভাস্করকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ বলে নিশানা করেন। পালটা জবাবে তাপসী জানিয়েছিলেন, তিনি কোনও মাফিয়া গ্যাংয়ের সাহায্যে কাজ পাননি, নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এক ইউটিউব সাক্ষাৎকারে তাপসী জানিয়েছিলেন, তিনি কঙ্গনার সঙ্গে কখনও নিজে থেকে সংঘাতে যাননি এবং কঙ্গনা বড় মাপের অভিনেত্রী হওয়ায় তাঁকে ‘কপি’ বললেও তাঁর কোনও আপত্তি নেই।
এদিকে নিজের কেরিয়ার ও কাজের জায়গায় ব্যস্ত তাপসী রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তাঁর নেই এবং তিনি অভিনয় নিয়েই থাকতে চান। আগামী ৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘গান্ধারী’। তবে সিনেমা মুক্তির আগেই দুই তারকার এই নতুন বাকযুদ্ধ ফের একবার নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
