আইনি পদক্ষেপ ‘ভুল সিদ্ধান্ত ছিল’, ফেডারেশনের সঙ্গে বিবাদে ইতি টানলেন পরম
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো করে পরমব্রত জানান, গত এক বছরে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও যোগাযোগের ঘাটতি থেকেই বিরোধ জিইয়ে ছিল। তাঁর বক্তব্য, এখন তিনি আশা করছেন ফেডারেশনের সঙ্গে আগের মতোই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেই মিলেছিল স্পষ্ট ইঙ্গিত। বিবাদ মিটিয়ে মূল স্রোতে পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ফেডারেশনের সঙ্গে বিবাদ ধীরে ধীরে কমছে। টলিউডের বহু মাসের অস্থিরতার অবসানে এবার নতুন অধ্যায় শুরু হল। পরমব্রত চট্টোপাধ্যায় এবার প্রকাশ্যে স্বীকার করলেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁদের করা মানহানি মামলা আসলে তাড়াহুড়োর সিদ্ধান্ত ছিল।
গত বছরে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের লড়াইয়ের সাক্ষী থেকেছে বাংলা। নানান সময় বিভিন্ন বৈঠকের মাধ্যমে এই বিবাদ মেটানোর চেষ্টা করা হলেও লাভের লাভ আদপে কিছু হচ্ছিল না। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা ঘিরে ফেডারেশন ও পরিচালকদের গিল্ডের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বেড়ে যায় যে একসময় স্তব্ধ হয়ে পড়ে টলিপাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাজ আবার শুরু হলেও আইনি লড়াই চলছিল সমান্তরালে।
তবে সেই বিবাদ থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন পরমব্রত। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি সবটা খোলসা করে দেন। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে পরমব্রতকে বলতে শোনা যায়, তিনি আর কোনও আইনি লড়াইয়ে নেই।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো করে পরমব্রত জানান, গত এক বছরে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও যোগাযোগের ঘাটতি থেকেই বিরোধ জিইয়ে ছিল। তাঁর বক্তব্য, এখন তিনি আশা করছেন ফেডারেশনের সঙ্গে আগের মতোই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন। তিনি এ-ও পরিষ্কার জানান যে, ব্যক্তিগতভাবে তিনি আর কোনও মামলার সঙ্গে যুক্ত থাকছেন না—এখন নয়, ভবিষ্যতেও নয়।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি আলোচনাসভাতেও অভিনেতা একই মন্তব্য করেন। তিনি বলেন, ফেডারেশনকে তিনি নিজের ‘পরিবার’ হিসেবেই মনে করেন। পরিবারের ভেতরে মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমেই মিটে যাওয়াই যুক্তিযুক্ত। আদালতের দ্বারস্থ হওয়া তাঁর মতে, যথেষ্ট আবেগপ্রবণ ও ভুল সিদ্ধান্ত ছিল, যা ভুল তথ্য এবং পরিস্থিতির ভুল বিশ্লেষণের ফল।
ফেডারেশনের বর্তমান সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বের প্রশংসাও করেন পরমব্রত। তাঁর বক্তব্য, টেকনিশিয়ানদের স্বার্থে যে ধারাবাহিক কাজ ফেডারেশন করে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এই সুস্থ পরিবেশে আগামী দিনে টলিউড আবার আগের মতোই একতাবদ্ধ হয়ে সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারবে।
