স্বাবলম্বী হয়েও কেন ৫৬ লক্ষ টাকা খোরপোশ? চাঁচাছোলা জবাব পিঙ্কির
Kanchan Mullick: পিঙ্কি জানিয়েছেন, খোরপোশ নিয়ে কোনও দরদাম হয়নি তাঁদের, যা চেয়েছিলেন তাই পেয়েছেন। ব্যাপারটা মিটেও গিয়েছে। অতীতে দিকে আর ফিরে তাকাতে চান না পিঙ্কি। এগিয়ে যেতে চান সুন্দর ভবিষ্যতের দিকে।

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে নিয়ে যেমন চতুর্দিকে চলছে সমালোচনা। ঠিক একই সঙ্গে আরও এক প্রশ্ন ক্রমশ মাথা চাড়া দিচ্ছে সাধারণের মনে। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদের সময় ৫৬ লক্ষ টাকা খোরপোশ নিয়েছেন উত্তরপাড়ার বিধায়কের কাছ থেকে। অনেকেই পিঙ্কিকে প্রশ্ন করেছেন, ‘আপনি তো স্বাবলম্বী তাও কেন এত টাকা নিতে হল?” এই প্রশ্নের উত্তর জানতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করে তাঁর সঙ্গে।
পিঙ্কি যা বললেন তা তুলে ধরা হল…
“প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকোইনি। কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কনট্র্যাক্ট। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ, ব্যস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না?”
পিঙ্কি জানিয়েছেন, খোরপোশ নিয়ে কোনও দরদাম হয়নি তাঁদের, যা চেয়েছিলেন তাই পেয়েছেন। ব্যাপারটা মিটেও গিয়েছে। অতীতে দিকে আর ফিরে তাকাতে চান না পিঙ্কি। এগিয়ে যেতে চান সুন্দর ভবিষ্যতের দিকে।
