Ramayana Part 2 Release Date: বেশিরভাগ শুটিং শেষ, তবুও কেন ২০২৮-এ মুক্তি পাবে রণবীরের ‘রামায়ণ’ পার্ট ২?
Ranbir Kapoor Ramayana Update: প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় ভাগ আরও অনেক বেশি বৃহৎ পরিসরে এবং মেগা স্কেলে তৈরি করা হচ্ছে। প্রতিটি দৃশ্য, অ্যাকশন সিকোয়েন্স এবং চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন প্রচুর সময়। বিশেষ করে ভিজ়্যুয়াল এফেক্টস (VFX) এবং মোশন ক্যাপচারের বিপুল কাজ এখনও বাকি রয়েছে।

বলিউডের অন্যতম মেগা প্রজেক্ট ছবিগুলির মধ্যে শীর্ষে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। ছবির প্রথম পর্ব ঘিরে দর্শকের উন্মাদনা যখন তুঙ্গে, তখন থেকেই দ্বিতীয় ভাগ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল, ২০২৭ সালের দীপাবলিতেই বড় পর্দায় আসবে ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব। কিন্তু সম্প্রতি সেই মুক্তির তারিখ পিছিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। হঠাৎ কেন এই বড়সড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা? এ বিষয়ে মুখ খুলে সমস্ত জল্পনার অবসান ঘটালেন ছবির চিত্রগ্রাহক পঙ্কজ কুমার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রগ্রাহক পঙ্কজ কুমার জানান, ছবির দ্বিতীয় পর্বের প্রায় ৬০ শতাংশ শুটিং ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। কিন্তু আসল চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে পোস্ট-প্রোডাকশনে। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় ভাগ আরও অনেক বেশি বৃহৎ পরিসরে এবং মেগা স্কেলে তৈরি করা হচ্ছে। প্রতিটি দৃশ্য, অ্যাকশন সিকোয়েন্স এবং চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন প্রচুর সময়। বিশেষ করে ভিজ়্যুয়াল এফেক্টস (VFX) এবং মোশন ক্যাপচারের বিপুল কাজ এখনও বাকি রয়েছে।
পঙ্কজ জানিয়েছেন, ‘রামায়ণ’ পার্ট টু-তে হনুমান এবং গোটা বানর সেনার মতো একাধিক কম্পিউটার-নির্মিত (CGI) চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চরিত্রগুলিকে রুপোলি পর্দায় সম্পূর্ণ বাস্তবসম্মত এবং জীবন্ত করে তুলতে বিশ্বমানের ভিএফএক্স এবং মোশন ক্যাপচার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে ছবির মান নষ্ট করতে নারাজ নির্মাতারা।
ছবির জঙ্গল এবং প্রাকৃতিক পরিবেশের দৃশ্য নিয়ে সম্প্রতি দর্শকদের একাংশের মধ্যে নানাবিধ আলোচনা ও সমালোচনা হয়েছিল। সেই প্রসঙ্গে পঙ্কজ সাফ জানিয়ে দেন, নির্মাতারা কোনও গতানুগতিক বা সাধারণ জঙ্গলের দৃশ্য দেখাতে চাননি। বরং রামায়ণের মতো এক পৌরাণিক মহাকাব্যের উপযোগী একটি কাল্পনিক ও জাদুকরি জগৎ তৈরি করাই তাঁদের মূল উদ্দেশ্য ছিল। বাস্তব জঙ্গলে শুটিং করলে দৃশ্যগুলি হয়তো স্বাভাবিক লাগত, কিন্তু মহাকাব্যের বিশালত্ব এবং রূপকথার আবহ তাতে ফিকে হয়ে যেত। যেখানে বিশাল দানবের সঙ্গে যুদ্ধ বা এক গাছ থেকে অন্য গাছে বানর সেনার লাফিয়ে বেড়ানোর মতো দৃশ্য রয়েছে, সেখানে বাস্তবের হুবহু নকল করার চেয়ে একটি অনন্য ভিজ়্যুয়াল ওয়ার্ল্ড তৈরি করাই শ্রেয় বলে মনে করেছেন নির্মাতারা।
নিতীতেশ তিওয়ারির এই ড্রিম প্রজেক্টে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। পাশাপাশি সীতার ভূমিকায় সাই পল্লবী এবং লঙ্কাধিপতি রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ তাক লাগাতে চলেছেন। এছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমান রূপে সানি দেওল এবং অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়ালের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
এর আগে প্রযোজক নমিত মলহোত্রও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এত বড় মাপের একটি সিনেমাকে কোনওভাবেই তাড়াহুড়ো করে শেষ করতে চান না তাঁরা। বিশ্বমানের অভিজ্ঞতা দিতে এবং দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতেই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর ২০২৮ সালের দীপাবলিতে রুপোলি পর্দায় যে এক অভাবনীয় মহাকাব্যিক দৃশ্যপট তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য।
