AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Gupta: মমতার ‘বহিরাগত’ মন্তব্যেই ক্ষোভ হিন্দিভাষীদের, ‘ঠেকুয়া খাইয়েও লাভ হয়নি’, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা

Vivek Gupta Attacks Mamata Banerjee: ছটপুজোর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিবেক গুপ্তা। 'বহিরাগত' শব্দ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন,"বহিরাগত একটা শব্দ ব্যবহার করা হল। কী মানে হচ্ছে বহিরাগত-র? আমি ওঁকে বলেছিলাম, আপনি ক্ল্যারিফাই করুন। ওটা নিয়ে মানুষের খুব রাগ ছিল।"

Vivek Gupta: মমতার 'বহিরাগত' মন্তব্যেই ক্ষোভ হিন্দিভাষীদের, 'ঠেকুয়া খাইয়েও লাভ হয়নি', বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা
বিবেক গুপ্তাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 4:49 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যে বারবার উঠে এসেছিল ‘বহিরাগত’ শব্দটি। বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর। এবার মমতার এই শব্দকে হাতিয়ার করে তাঁকেই তোপ দাগলেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক বিবেক গুপ্তা (Vivek Gupta)। মমতার টিকিটেই রাজ্যসভা ও বিধানসভার সদস্য হয়েছিলেন। মমতা ‘প্রাক্তন’ হতেই এবার একদা দলনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিবেক। তাঁর কথায়, মমতার জন্যই হিন্দিভাষীদের ভোট হাতছাড়া হয়েছে।

মমতাকে আক্রমণ বিবেকের

ছটপুজোর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিবেক গুপ্তা। ‘বহিরাগত’ শব্দ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন,”বহিরাগত একটা শব্দ ব্যবহার করা হল। কী মানে হচ্ছে বহিরাগত-র? আমি ওঁকে বলেছিলাম, আপনি ক্ল্যারিফাই করুন। ওটা নিয়ে মানুষের খুব রাগ ছিল। ছটপুজো করে, ঠেকুয়া খাইয়েও কোনও লাভ হয়নি। মানুষের রাগ যায়নি।” তাঁর অভিযোগ, প্রথম দশ বছরে হিন্দিভাষীদের অনুষ্ঠান নিয়ে আগ্রহ ছিল। কিন্তু শেষ কয়েক বছরে অনুষ্ঠান ঘিরে বাধা তৈরি হয়েছিল। এমনকী ছটপুজোতেও বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদকে আক্রমণ

শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের টিকিট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিবেক গুপ্তার প্রশ্ন, “ওরকম মানুষকে কি সাংসদ করা উচিত ছিল? যিনি ৩৬৫ দিনের মধ্যে ৩২০ দিন নিজের এলাকায় থাকে না।” বলেন, “শেষ দুই-তিন বছর, স্পেশালি লোকসভা নির্বাচন। আপনি আসানসোলে প্রার্থী দিলেন শত্রুঘ্ন সিনহা। যিনি ৩৬৫ দিনের মধ্যে ৩২০ দিনই থাকেন না! সেখানে হিন্দিভাষী অনেক মানুষ। কার সঙ্গে তাঁরা দেখা করবে?”

বিবেক গুপ্তা আরও বলেন,”দুর্গাপুরে সাংসদ কীর্তি আজ়াদ এলাকায় থাকেন না। দিল্লিতে থাকেন।‌ দুর্গাপুরের জন্য কী কী করেছেন? আর তার ফল বিধানসভায় দুর্গাপুরে তৃণমূলের ভরাডুবি।” তাঁর আরও অভিযোগ, বিধায়ক হয়েও কোনও কাজ করতে পারতেন না। আমি বিধায়ক হিসেবে জিতলেও জোড়াসাঁকোয় হিন্দিভাষীদের জন্য কিছু করতে পারতাম না। কারণ পুলিশ শুনত না আমার কথা।” বিবেক গুপ্তার এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে।

এই বিষয়ে সাংসদ প্রতিমা মণ্ডল বলেন,”দল যেমন রাজ্যসভার সাংসদ করে বিবেককে পাঠিয়েছেন, আবার বিধায়ক করেছেন, বিধানসভায় পাঠিয়েছেন। বিবেক কতগুলি স্কুল-কলেজের সভাপতি পদে ছিলেন। আজ দল ক্ষমতায় নেই। দলের সম্পর্কে যা বলছেন, তা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কোনওদিনই বহিরাগত বলে কোনও সম্প্রদায়ের মানুষকে আঘাত করেননি। বা দিতেও চাননি। কোনও বিশেষ পরিপ্রেক্ষিতে হয়তো বলে থাকতে পারেন। কিন্তু কাউকে আঘাত করে কথা বলতে চাননি। এটা হতো বিবেকের ব্যক্তিগত মতামত।”

Follow Us