এবার গ্যাংস্টারের নিশানায় ‘ধুরন্দর’ রণবীর! কী ঘটল নায়কের সঙ্গে?
রণবীর সিংয়ের ব্যক্তিগত হোয়াটস্যাপে একটি ভয়েস নোট পাঠানো হয়েছে। সেখানে অভিনেতার কাছ থেকে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে অভিনেতা তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ হন।

পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার বড়সড় হুমকির মুখে পড়লেন অভিনেতা রণবীর সিং। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আসা এই হুমকির জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিটাউনে। ‘ভাইজান’ সলমন খানের পর এবার ‘ধুরন্দর’ রণবীরের ওপর আন্ডারওয়ার্ল্ডের নজর পড়ায় থমথমে গোটা মায়ানগরী।
সংবাদসংস্থা আইএএনএস (IANS) সূত্রে খবর, রণবীর সিংয়ের ব্যক্তিগত হোয়াটস্যাপে একটি ভয়েস নোট পাঠানো হয়েছে। সেখানে অভিনেতার কাছ থেকে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে অভিনেতা তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ হন। পরিস্থিতির সংবেদনশীলতা বিচার করে রণবীরের বান্দ্রার বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মুম্বই পুলিশও এই হুমকি বার্তার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে।
মুম্বইয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের শেষ নেই। গত কয়েকদিন আগেই বলিউডের সফলতম পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে বাইক আরোহীরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত গাড়িটি পুণে থেকে আনা হয়েছিল।
পুলিশি তদন্তে প্রকাশ পেয়েছে, পুণের এক ব্যক্তির কাছ থেকে মাত্র ৩০ হাজার টাকায় গাড়িটি কিনেছিল এই ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত আদিত্য গায়কি। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই দুই বড় ঘটনা প্রমাণ করছে যে, বলিউডের হেভিওয়েটদের ওপর কোনো সুসংগঠিত গ্যাং নজরদারি চালাচ্ছে।
সলমন খানের বাড়িতে গুলিবর্ষণের পর থেকেই মুম্বই পুলিশ বাড়তি সতর্ক থাকলেও, রোহিত শেট্টি ও রণবীর সিংয়ের ওপর হামলার চেষ্টায় প্রমাণিত হচ্ছে যে অপরাধীরা পুলিশের ভয় ডরকে তোয়াক্কা করছে না। বিটাউনের তারকারা এখন তাঁদের কাজ ও চলাফেরা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এখন প্রশ্ন উঠছে, মুম্বই পুলিশের কঠোর নজরদারির মাঝেই কীভাবে অপরাধীরা এত সক্রিয় হয়ে উঠছে? রণবীর সিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের ধরতে বর্তমানে জাল বিছিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
