AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Isha Rikhi Badshah marriage: বিয়ের পরও স্ত্রী-কে দূরে রাখেন বাদশা? সবটা জানিয়ে দিলেন স্ত্রী ইশা

Badshah relationship status: র‍্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিয়ের জল্পনায় শেষমেশ সিলমোহর পড়ল। সোশাল মিডিয়ায় রোম্যান্টিক ছবি দিয়ে বিয়ের কথা স্বীকার করলেন ইশা। কই সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ্যেই বরের কাছ থেকে একটি জবাবদিহিও চেয়ে বসেছেন তিনি। বিয়ের পরও স্ত্রী-কে দূরে রাখেন বাদশা?

Isha Rikhi Badshah marriage: বিয়ের পরও স্ত্রী-কে দূরে রাখেন বাদশা? সবটা জানিয়ে দিলেন স্ত্রী ইশা
কী বলেছেন ইশা?
| Updated on: Jun 11, 2026 | 5:31 PM
Share

র‍্যাপার বাদশার (Badshah) জীবনের ‘লেডি লাভ’ কে, তা নিয়ে গত কয়েক মাস ধরে বিনোদন দুনিয়ায় গুঞ্জনের শেষ ছিল না। অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন পাঞ্জাবি অভিনেত্রী তথা মডেল ইশা রিখি (Isha Rikhi)। নিজেই জানিয়ে দিলেন, তাঁরা এখন বিবাহিত! শুধু মুখে বলাই নয়, স্বামীর কোলে বসে থাকা একটি মিষ্টি ও রোম্যান্টিক ছবি শেয়ার করে বাদশা-পত্নী হিসেবে নিজের প্রথম পরিচয় প্রকাশ্যে এনেছেন ইশা। তবে একই সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ্যেই বরের কাছ থেকে একটি জবাবদিহিও চেয়ে বসেছেন তিনি।

আসলে বেশ কিছুদিন ধরেই নেটপাড়ায় রটে গিয়েছিল যে গোপনে চার হাত এক হয়েছে এই জুটির। চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি একটি ঘরোয়া অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তখন থেকেই বিয়ের জল্পনা তীব্র হয়। সম্প্রতি বাদশা নিজেই এক রহস্যময়ী মহিলার সঙ্গে ছবি দেওয়ায় অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে যায়। বুধবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে বসেন ইশা। সেখানেই একের পর এক অনুরাগী তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে শুরু করেন।

সবচেয়ে বেশি যে প্রশ্নটি ধেয়ে আসছিল তা হল, “দিদি, বাদশার সঙ্গে যদি বিয়েই হয়ে গিয়ে থাকে, তবে আপনারা একে অপরকে সোশাল মিডিয়ায় ফলো করেন না কেন?” এই প্রশ্ন দেখেই আর চুপ থাকতে পারেননি ইশা। মজার ছলে তিনি লেখেন, “হ্যাঁ, আমি বিবাহিত। এবার আসি সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নটায়। সত্যি বলতে, আমার মনে হয় এই বিষয়ে আমার স্বামীরই একটা ব্যাখ্যা দেওয়া উচিত। বাদশা (Badshah), জনতা কিন্তু জবাব চাইছে! যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা একটু দেখুন।”

এখানেই শেষ নয়, এক অনুরাগী তো সরাসরিই বলে বসেন যে স্ত্রী হওয়া সত্ত্বেও কেন বাদশার সঙ্গে কোনও ছবি নেই ইশার? ভক্তদের সেই আবদার মেটাতেই বাদশা ও নিজের একটি আদুরে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা গিয়েছে বাদশার কোলে বসে তাঁকে জড়িয়ে ধরে আছেন ইশা। এই এক ছবিতেই কার্যত সিলমোহর পড়ে গেল তাঁদের গোপন বিয়ের খবরে।

২০১২ সালে ‘জাট অ্যান্ড জুলিয়েট’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করা ইশা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ‘নবাবজাদে’ ছবির হাত ধরে বলিউডেও কাজ করেছেন তিনি। তবে বিয়ের পর এই তারকা দম্পতি কেন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে রেখেছেন, সেই রহস্যের জট এবার খোদ বাদশা কখন খোলেন, সেটাই দেখার।

Follow Us