Strait of Hormuz: হরমুজে কাটছে বিপদের মেঘ! শনির রাতেই মুম্বইয়ে ঢুকছে ১.৪ লক্ষ মেট্রিক টন সৌদি আরবের তেল
Gas-Oil Crisis in India: ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতীয় জাহাজ জগপ্রকাশ। যদিও শেষ পাওয়া খবর বলছে ভারতের উপকূলের দিকে আসছে না এই জাহাজ। ওমান থেকে গ্যাসোলিন নিয়ে আফ্রিকার দিকে যাওয়ার কথা জগপ্রকাশের।

নয়া দিল্লি: ধীরে ধীরে কাটছে উদ্বেগের মেঘ। ১.৪ লক্ষ মেট্রিক টন সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে শনিবার রাতেই মুম্বই উপকূলে পৌঁছচ্ছে লিবেরিয়ার তৈলবাহী জাহাজ সেনলং সুয়েজম্যাক্স। সূত্রের খবর, ইতিমধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে গিয়েছে এই জাহাজ।
৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতীয় জাহাজ জগপ্রকাশ। যদিও শেষ পাওয়া খবর বলছে ভারতের উপকূলের দিকে আসছে না এই জাহাজ। ওমান থেকে গ্যাসোলিন নিয়ে আফ্রিকার দিকে যাওয়ার কথা জগপ্রকাশের। ভারতের জ্বালানি সঙ্কটের আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ মুহূর্তে জগ প্রকাশের অভিমুখ ভারতের উপকূলের দিকে ঘোরানো হয় কিনা আগামী কয়েক ঘণ্টায় নজর সেদিকেই।
ইরানের সবুজ সংকেতের পর হরমুজে নজর মোট ২৮টি ভারতীয় জাহাজের দিকে। যুদ্ধ বিপর্যস্ত সমুদ্রপথে অন্যান্য জায়গায় আটকে থাকা ভারতীয় জাহাজের সংখ্যা মোট ৩৭। শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর পশ্চিমে এখনও আটকে আছে ২৩টি ভারতীয় জাহাজ।
আটকে মোট ৬৭৭ জন নাবিক। পশ্চিম থেকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতমুখী লিবেরিয়ান জাহাজ। হরমুজের পূর্বে আটকে থাকা চারটি ভারতীয় জাহাজের মধ্যে চলতে শুরু করেছে শুধুমাত্র জগ প্রকাশই। একইসঙ্গে আরও খবর মিলছে, আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছচ্ছে বিপুল পরিমাণ রাশিয়ান তেল। ভেসেল ট্র্যাকিং ডেটা বলছে, পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে ভারতের উপকূলের দিকে আসছে চারটি তৈলবাহী ট্যাঙ্কার জাহাজ।
