Amit Shah-NCPI MPs: মসজিদে মাইক খোলা নিয়ে শাহকে চিঠি আবু তাহেরদের, SIR নিয়েও বিশেষ আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীকে
Amit Shah meeting with NCPI MPs: মাইক খোলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ হচ্ছে। আবু তাহেরদের আবেদন, কোনও একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যেন পদক্ষেপ করা না হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে মুসলিম সম্প্রদায় তৈরি। চিঠিতে মাইকের পাশাপাশি মুর্শিদাবাদে এসআইআর-এ নাম বাদ যাওয়াদের ভবিষ্যত নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

নয়া দিল্লি: রাজ্যজুড়ে মসজিদে মাইক খুলে নেওয়া নিয়ে জোর বিতর্ক রাজ্য-রাজনীতিতে। ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে, মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই এটা করা হচ্ছে। শুধু মসজিদ নয়, মন্দিরের মাইকও খোলা হচ্ছে। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন আবু তাহের (Abu Taher), খলিলুর রহমান (Khalilur Rahaman), ইউসুফ পাঠানরা (Yusuf Pathan)। তবে, চিঠিতে মাইকের পাশাপাশি মুর্শিদাবাদে এসআইআর-এ নাম বাদ যাওয়াদের ভবিষ্যত নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
মাইক খোলা নিয়ে কী আবেদন আবু তাহেরদের?
মাইক খোলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ হচ্ছে। আবু তাহেরদের আবেদন, কোনও একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যেন পদক্ষেপ করা না হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে মুসলিম সম্প্রদায় তৈরি। আবু তাহের বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। এতদিনের পরম্পরা চলছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই আমরা চলতে চাই।”
এসআইআর নিয়ে কী বললেন?
একইসঙ্গে, মুর্শিদাবাদ জেলায় এসআইআরে নাম বাদ যাওয়া ব্যক্তিদের দ্রুত শুনানি করে নাম তোলার আর্জি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই বিষয়ে আবু তাহের বলেন, “এসআইআর আমাদের বড় সমস্যা। শুধু মুর্শিদাবাদে ৫ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁরা সেখানে স্থায়ী বসবাস করেন। জন্মসূত্রে তাঁরা বাংলার নাগরিক। বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছেন তাঁরা। এই দাবিগুলি নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
এদিকে, তিন মুসলিম সাংসদের মসজিদের মাইক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করাকে কটাক্ষ করলেন সৌগত রায়। আবারও বললেন, “ওঁরা নিজেদের রাজনৈতিক অবস্থান ঠিক করুক। মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে। দু নৌকোয় পা রেখে চলা সম্ভব নয়।”
