Ahmedabad Blast: আহমেদাবাদের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৮ জনের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Ahmedabad firecracker factory blast: আহমেদাবাদের রামোল-গাত্রাদ রোডের ধারে একটি খোলা জায়গায় চলছিল কারখানাটি। শনিবার দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই কারাখানাটিতে আগুন লেগে যায়। প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধারকাজ চলাকালীন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আট। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

আহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Ahmedabad firecracker factory blast)। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ১০ জনের বেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে খবর। ওই কারখানাটি বেআইনিভাবে চলছিল বলে খবর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
ঠিক কীভাবে দুর্ঘটনা?
আহমেদাবাদের রামোল-গাত্রাদ রোডের ধারে একটি খোলা জায়গায় চলছিল কারখানাটি। শনিবার দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই কারাখানাটিতে আগুন লেগে যায়। প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধারকাজ চলাকালীন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আট। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।
তদন্তকারীদের দাবি, ওই কারখানার লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। কিন্তু লাইসেন্স বাতিল হওয়ার পরেও সেখানে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র দল এবং অন্যান্য তদন্তকারী সংস্থা পৌঁছয়। পাশাপাশি নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
আহমেদাবাদের বিস্ফোরণের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,”গুজরাটের আহমেদাবাদে একটি বাজি কারখানায় দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই শোকের সময়ে মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করছে স্থানীয় প্রশাসন।” প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
