CJI Surya Kant: ‘শুধুমাত্র AI ডিটেকশন টুলের ভিত্তিতে কোনও পড়ুয়াকে শাস্তি দেওয়া উচিত নয়’, বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত
CJI Surya Kant on AI Detection Tools: প্রধান বিচারপতির মতে, AI ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা বাস্তবসম্মত বা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ, পড়াশোনা শেষ করে পড়ুয়ারা যখন আইন পেশায় প্রবেশ করবেন, তখন তাঁরা এমন একটি পেশার অংশ হবেন, যেখানে ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

হায়দরাবাদ: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শনাক্ত করার সফটওয়্যারের উপর পুরোপুরি নির্ভর করে পড়ুয়াদের বিরুদ্ধে শিক্ষাগত অসদাচরণের অভিযোগ আনা উচিত নয়। আইন শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে এই বিষয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। তাঁর বক্তব্য, অবিশ্বস্ত AI ডিটেকশন টুলের কারণে নির্দোষ পড়ুয়ারাও অন্যায়ভাবে অসদুপায় অবলম্বনকারী বা প্রতারক হিসেবে চিহ্নিত হতে পারেন।
শনিবার হায়দরাবাদে কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশনের (CLEA) প্রথম বার্ষিক আন্তর্জাতিক আইন শিক্ষা সম্মেলন ২০২৬-র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, “কোনও পড়ুয়াকে শুধুমাত্র একটি যন্ত্রের কথার ভিত্তিতে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করা উচিত নয়।” প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বর্তমানে বহু শিক্ষা প্রতিষ্ঠান এমন সফটওয়্যারের উপর নির্ভর করছে, যেগুলি দাবি করে কোনও প্রবন্ধ বা গবেষণাপত্র পড়ুয়া নিজে লিখেছেন, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করেছেন, তা শনাক্ত করতে পারে। কিন্তু এই ধরনের সফটওয়্যারের নির্ভরযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বলে সতর্ক করেন তিনি।
এ প্রসঙ্গে ২০২৩ সালে ‘প্যাটার্নস’ জার্নালে প্রকাশিত ‘GPT Detectors Are Biased Against Non-Native English Writers’ শীর্ষক একটি গবেষণার উল্লেখ করেন প্রধান বিচারপতি। ওই গবেষণায় দেখা গিয়েছে, বহুল ব্যবহৃত সাতটি AI ডিটেকশন টুলের মধ্যে প্রতিটি তিনটিরও বেশি নন-নেটিভ ইংরেজিভাষী পড়ুয়ার লেখা প্রবন্ধকে ভুল করে AI-নির্মিত বলে চিহ্নিত করেছে। গবেষণায় দেখা যায়, আমেরিকার স্কুলপড়ুয়াদের লেখা প্রবন্ধ শনাক্ত করার ক্ষেত্রে এই সফটওয়্যারগুলি প্রায় নিখুঁত ফল দিলেও, ইংরেজি মাতৃভাষা নয় এমন পড়ুয়াদের লেখার ক্ষেত্রে প্রায়ই ভুল করেছে। গবেষণার জন্য ৯১টি TOEFL প্রবন্ধ এবং আমেরিকার পড়ুয়াদের লেখা ৮৮টি প্রবন্ধ পরীক্ষা করা হয়েছিল।
কমনওয়েলথভুক্ত দেশগুলির ক্ষেত্রে এই সমস্যার প্রভাব আরও বেশি হতে পারে বলে সতর্ক করেন প্রধান বিচারপতি। কারণ, এই দেশগুলির বহু পড়ুয়া ইংরেজিকে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ব্যবহার করেন। তাঁর কথায়, “কমনওয়েলথের এমন এক পরিবেশে, যেখানে বহু পড়ুয়া ইংরেজিতে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে লেখেন, সেখানে একজন সৎ পড়ুয়াকেও এমন একটি সংখ্যার ভিত্তিতে প্রতারক হিসেবে চিহ্নিত করা হতে পারে, যার কোনও ব্যাখ্যা নেই। অথচ সেই পড়ুয়ার পক্ষে এই অভিযোগের যথাযথ বিরোধিতা করাও সম্ভব নয়।” তাই এই ধরনের সফটওয়্যারের ফলাফলকে শিক্ষাগত অসদাচরণের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন তিনি।
AI-কে সাহায্যকারী হিসেবে ব্যবহার করতে হবে, পড়ুয়ার নিজস্ব চিন্তার বিকল্প হিসেবে নয়-
আইন শিক্ষার ক্ষেত্রে জেনারেটিভ AI-এর প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, এই প্রযুক্তি পরীক্ষার খাতা বা গবেষণামূলক কাজের মাধ্যমে পড়ুয়ার প্রকৃত জ্ঞান ও দক্ষতা যাচাই করার প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাঁর পর্যবেক্ষণ, জেনারেটিভ AI এখন কয়েক মিনিটের মধ্যেই আদালতের রায়ের সারাংশ তৈরি করতে পারে, আইনি যুক্তি সাজিয়ে দিতে পারে এবং পরিশীলিত উত্তর লিখে দিতে পারে। ফলে প্রশ্নটা আর পড়ুয়ারা এই প্রযুক্তি ব্যবহার করবেন কি না, তা নয়। বরং তাঁরা যে কাজ জমা দিচ্ছেন, তাতে তাঁদের নিজস্ব যুক্তি, বোঝার ক্ষমতা এবং আইন সম্পর্কে উপলব্ধি প্রতিফলিত হচ্ছে কি না, সেটাই আসল বিষয়।
প্রধান বিচারপতির মতে, AI ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা বাস্তবসম্মত বা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ, পড়াশোনা শেষ করে পড়ুয়ারা যখন আইন পেশায় প্রবেশ করবেন, তখন তাঁরা এমন একটি পেশার অংশ হবেন, যেখানে ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
এ প্রসঙ্গে সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের পদ্ধতির উল্লেখ করেন তিনি। সেখানে আদালতের কাজে যুক্ত ব্যক্তিরা জেনারেটিভ AI ব্যবহার করতে পারেন। তবে আদালতে জমা দেওয়া প্রতিটি নথি ও তার বিষয়বস্তুর সম্পূর্ণ দায় তাঁদেরই নিতে হয়।
প্রধান বিচারপতির সতর্কবার্তা, AI ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলে পড়ুয়ারা গোপনে এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করবেন। তখন সেই ব্যবহারকে সঠিক পথে পরিচালিত করা বা তার মূল্যায়ন করা আরও কঠিন হয়ে পড়বে। বরং আইন শিক্ষার প্রতিষ্ঠানগুলির উচিত প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং এ বিষয়ে স্পষ্ট নিয়ম তৈরি করা।
AI-এর যুগে মূল্যায়ন পদ্ধতি নতুন করে ভাবতে হবে আইন শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে-
প্রধান বিচারপতি বলেন, AI-এর অপব্যবহার রুখতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল পরীক্ষা বা মূল্যায়ন শুরু হওয়ার আগেই স্পষ্ট নির্দেশিকা তৈরি করা। পড়ুয়ারা কাজ জমা দেওয়ার পর অসদাচরণ শনাক্ত করার চেষ্টা করার পরিবর্তে আগে থেকেই তাঁদের জানিয়ে দিতে হবে, AI-এর কোন ধরনের ব্যবহার অনুমোদিত, কোন ক্ষেত্রে ব্যবহারের কথা উল্লেখ করা বাধ্যতামূলক এবং কোন ধরনের ব্যবহার করলে মূল্যায়নের উদ্দেশ্যই ব্যর্থ হবে। সবশেষে তিনি বলেন, “একটি আইন শিক্ষাপ্রতিষ্ঠানকে আত্মবিশ্বাসের সঙ্গে নিশ্চিত করতে সক্ষম হতে হবে যে, তাদের প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ পড়ুয়ারা নিজেরা কী জানেন এবং কী করতে পারেন।”
