AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: শেখ হাসিনার ক্ষেত্রে কেন প্রত্যর্পণ চুক্তি খাটে না?

Sheikh Hasina Bangladesh return: বাংলাদেশের তরফে বারবার প্রত্যর্পণের দাবি করা হচ্ছে, তা আদৌ কি হাসিনার জন্য প্রযোজ্য। বিষয়টি বুঝতে গেলে প্রথমেই জানতে হবে, বন্দি প্রত্যর্পণ চুক্তি আসলে কী এবং কোন পরিস্থিতিতে তা কার্যকর হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এক দেশের বিচারাধীন অথবা দোষী সাব্যস্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে নির্দিষ্ট শর্ত মেনে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

Sheikh Hasina: শেখ হাসিনার ক্ষেত্রে কেন প্রত্যর্পণ চুক্তি খাটে না?
শেখ হাসিনাImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 7:54 PM
Share

নয়া দিল্লি: ডিসেম্বরেই বাংলাদেশে (Bangladesh) ফিরবেন শেখ হাসিনা। তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে হাসিনাকে (Seikh Hasina) ফেরানো নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে। ঢাকার তরফে বারবার বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে। দাবি, ওই চুক্তি মেনেই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে নয়া দিল্লিকে। কিন্তু প্রশ্ন হল, হাসিনার ক্ষেত্রে এই প্রত্যর্পণ চুক্তি আদৌ খাটে?

অগ্নিগর্ভ বাংলাদেশ

শেখ হাসিনার বাংলাদেশের ফেরার সময় যত এগিয়ে আসছে, বাংলাদেশের মাটিতে আওয়ামি লিগের বিক্ষোভে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন আরও ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে আঙুল তুলছেন ভারতের দিকেই। কিন্তু, পরিস্থিতি যতই ঘোরালো হোক, পরিণত অবস্থান নিয়ে চলছে নয়া দিল্লি। কারণ বাংলাদেশের দিক থেকে যতই প্ররোচনা আসুক, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনওভাবেই নষ্ট করতে চায় না ভারত।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না। দুই দেশের মধ্যে যে দীর্ঘদিনের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, যে সংস্কৃতি রয়েছে তার উপর ভিত্তি করেই আগামী দিনে আরও সুসম্পর্ক গড়ে উঠুক। আরও ইতিবাচকও গঠনমূলক সম্পর্ক গড়ে উঠুক, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই বার্তার পরেও দুই দেশের স্বাভাবিক সম্পর্ক কি বজায় থাকবে? তার কারণ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের মাটিতে পা রাখেনি তারেক রহমান। অগস্টে যখন শেখ হাসিনা সাংবাদিক বৈঠক করেন, তারপরই ঢাকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তর করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও উন্নতি হবে না। অর্থাৎ তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আসবেন কি না, সেই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

কেন খাটে না প্রত্যর্পণ চুক্তি?

বাংলাদেশের তরফে বারবার প্রত্যর্পণের দাবি করা হচ্ছে, তা আদৌ কি হাসিনার জন্য প্রযোজ্য। বিষয়টি বুঝতে গেলে প্রথমেই জানতে হবে, বন্দি প্রত্যর্পণ চুক্তি আসলে কী এবং কোন পরিস্থিতিতে তা কার্যকর হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এক দেশের বিচারাধীন অথবা দোষী সাব্যস্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে নির্দিষ্ট শর্ত মেনে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, শুধু কোনও ব্যক্তিকে দেশে ফেরানোর রাজনৈতিক দাবি জানালেই প্রত্যর্পণ সম্পন্ন হয়ে যায় না। দিল্লির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, হাসিনা নিজের ইচ্ছায় দেশে ফিরতে চান। সেক্ষেত্রে এই প্রত্যর্পণ চুক্তি কোনওভাবেই প্রযোজ্য নয় বলে মনে করছে নয়া দিল্লি।

ঢাকার কূটনৈতিক চাল?

নয়া দিল্লির বক্তব্য, এই একতরফা দাবি অর্থাৎ বন্দি প্রত্যর্পণের চুক্তিতে অনড় থেকে আদতে বাংলাদেশ একটা কূটনৈতিক চাল দিচ্ছে। কারণ তারাও বুঝতে পারছে যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, একদিকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা তারেক রহমানের সরকারের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ বিষয় হবে। ঠিক তেমনই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে পা রাখার পর যেভাবে আওয়ামি লিগ বিক্ষোভে সামিল হয়েছে, সেই বিক্ষোভের আগুন আরও বাড়বে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও তাঁদের ক্ষেত্রে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হবে। স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে সত্যিই কতটা আন্তরিক প্রচেষ্টা ঢাকা করতে চাইছে, তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।

দেশে ফিরবেন কীভাবে?

হাসিনার দেশে ফেরা নিয়ে আরও একটি বড় জটিলতা তৈরি হয়েছে। হাসিনার কাছে পাসপোর্ট নেই। স্বাভাবিকভাবেই ভারতের এখানে কিছুই করার নেই। ভারতও মনে করছে যদি হাসিনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, জাতীয় পরিচয় পত্র দিয়ে দেওয়া হয়, তাহলে তিনি স্বেচ্ছায় নিজের দেশে, নিজের উদ্যোগ মতো ফিরে যেতে পারে। সেখানে ভারতের কিছুই করার থাকে না।

তবে, সমগ্র প্রক্রিয়া আটকে রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি আদতে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সমীকরণের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। এমন আশঙ্কাও করছেন অনেকে। আর সেই কারণে ঢাকার বিরুদ্ধে তোপ দাগা থেকে সম্পূর্ণ বিরত থাকছে নয়া দিল্লি। কোনওরকম প্ররোচনায় পা দিতে চায় না। হাসিনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ডিসেম্বরেই দিল্লি থেকে ঢাকায় ফিরবেন। গ্রেফতার করা হলেও তিনি ফিরবেন। সেখানে কী পদক্ষেপ করে বাংলাদেশ, সেদিকেই নজর থাকবে।

Follow Us