AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sena Medal awardees: বিনামূল্যে আজীবন ট্রেনে সফর, পদকপ্রাপ্ত সেনা জওয়ানদের নিয়ে বিরাট সিদ্ধান্ত

lifetime free train travel: কোনও পদকপ্রাপকের মৃত্যু হলে তাঁর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করা পর্যন্ত এই সুবিধা পাবেন। পাশাপাশি, অবিবাহিত অবস্থায় মরণোত্তরভাবে বীরত্বের পদক পাওয়া সেনাকর্মীদের বাবা-মাকেও এই সুবিধার আওতায় রাখা হয়েছে।

Sena Medal awardees: বিনামূল্যে আজীবন ট্রেনে সফর, পদকপ্রাপ্ত সেনা জওয়ানদের নিয়ে বিরাট সিদ্ধান্ত
দেশের বীর জওয়ানদের জন্য বড় সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 16, 2026 | 5:17 PM
Share

নয়া দিল্লি: দেশের বীর সেনাদের সম্মান জানাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। সেনা পদকপ্রাপ্তদের আজীবন বিনামূল্যে ট্রেন যাত্রার সুবিধা দেওয়া হবে, সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। বীরত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারপ্রাপ্ত সেনাকর্মী, তাঁদের পরিবার ও শহিদদের পরিবারের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে।

পদকপ্রাপ্ত সেনাদের জন্য বিশেষ সুবিধা-

বীরত্ব, আত্মত্যাগ ও দেশের প্রতি কর্তব্যের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক।  সেনা মেডেল (Sena Medal), নৌসেনা মেডেল (Nau Sena Medal) এবং  বায়ুসেনা মেডেল (Vayu Sena Medal) ও গ্যালান্ট্রি (Gallantry) প্রাপকরা এবার ভারতীয় রেলে আজীবন নিখরচায় যাত্রার বিশেষ সুবিধা পাবেন।

কারা কারা সুবিধা পাবেন?

শুধু পদকপ্রাপ্তরাই নন, নির্দিষ্ট ক্ষেত্রে তাঁদের স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত অবস্থায় মরণোত্তর পদকপ্রাপ্তদের বাবা-মাও এই সুবিধার আওতায় থাকবেন।

প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন অনুযায়ী, যোগ্য পদকপ্রাপকরা ভারতীয় রেলের ফার্স্ট ক্লাস (First Class), সেকেন্ড এসি (Second AC) এবং এসি চেয়ারকার (AC Chair Car)-এ আজীবন ট্রেনযাত্রার সুবিধা পাবেন।

কোনও পদকপ্রাপকের মৃত্যু হলে তাঁর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করা পর্যন্ত এই সুবিধা পাবেন। পাশাপাশি, অবিবাহিত অবস্থায় মরণোত্তরভাবে বীরত্বের পদক পাওয়া সেনাকর্মীদের বাবা-মাকেও এই সুবিধার আওতায় রাখা হয়েছে।

ই-পাসের মাধ্যমে যাতায়াত-

এই সুবিধা কার্যকর করার ক্ষেত্রে কাগজপত্রের ঝামেলা কমাতে চালু করা হয়েছে ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা। যোগ্য সুবিধাভোগীদের প্রথমে অনলাইনে ইন্ডিয়ান রেলওয়ে কনসেশন কার্জ পোর্টাল (Indian Railway Concession Card Portal)-এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিচয় যাচাই বা অথেনটিকেশন (authentication) সম্পন্ন হওয়ার পর অনলাইনেই  ই-পাস (e-Pass) তৈরি হবে।

এরপর সেই ই-পাস ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করা যাবে। আইআরসিটিসি (IRCTC)-র পোর্টালের মাধ্যমে এই টিকিট বুকিংয়ের সুবিধা আগামী ১ নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা। অর্থাৎ, এতদিনের প্রচলিত কাগজপত্র-নির্ভর প্রক্রিয়ার পরিবর্তে এবার পুরো ব্যবস্থাকেই ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যোগ্য পদকপ্রাপক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য রেলের এই বিশেষ সুবিধা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে।

প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তকে বীরত্বপদকপ্রাপ্ত সেনাকর্মী, প্রাক্তন সেনা এবং তাঁদের পরিবারের কল্যাণ ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশের নিরাপত্তায় অসামান্য সাহস ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত এই পদকের সঙ্গে এবার যুক্ত হল আজীবন রেলযাত্রার বিশেষ সুবিধাও।

সেনা, প্রাক্তন সেনাকর্মী এবং তাঁদের পরিবারের কল্যাণে ভারতীয় সেনার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Follow Us