AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: ‘আধার কার্ড জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হতে পারে না’, বড় রায় হাইকোর্টের

Delhi High Court on Aadhaar Card: শ্রম আদালতের সিদ্ধান্ত বহাল রেখে দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানায়, আধার নম্বর কোনও ব্যক্তির পরিচয় প্রমাণ করতে পারে, কিন্তু জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। আধার সংক্রান্ত আইনেও আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়।

High Court: 'আধার কার্ড জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হতে পারে না', বড় রায় হাইকোর্টের
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 22, 2026 | 7:51 AM
Share

নয়া দিল্লি: আধার কার্ডে উল্লেখ থাকা জন্মতারিখ বা জন্মসালকে কোনও ব্যক্তির বয়সের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না। আধার কার্ড মূলত পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সম্প্রতি রেখেছে দিল্লি হাইকোর্ট।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ১৩ নভেম্বর এই মামলার রায় দেন বিচারপতি মনোজ কুমার ওহরি। মামলাটি ছিল জেজে ইলেকট্রনিক্স ও তাদের এক কর্মী রোসাম্মা জয়ের মধ্যে চাকরি সংক্রান্ত বিরোধ নিয়ে। সেই মামলাতেই আধার কার্ডকে বয়সের চূড়ান্ত প্রমাণ হিসাবে মান্যতা দিতে অস্বীকার করে আদালত।

মামলাটি কী?

রোসাম্মা জয় নামক এক মহিলা জেজে ইলেকট্রনিক্সে ‘ফিনিশিং ম্যান’ হিসেবে কাজ করতেন। অবসরের নির্ধারিত সময়ের এক বছর আগেই সংস্থা তাঁর চাকরি শেষ করে দেওয়া হয়, অবসরে পাঠানো হয়। এর কারণ হিসেবে সংস্থাটি জানায়, তাঁর জন্মসাল নিয়ে দুটি নথিতে অসঙ্গতি রয়েছে। রোসাম্মার আধার কার্ডে জন্মসাল ১৯৫৯ উল্লেখ ছিল। অন্যদিকে, কর্মী হিসেবে তাঁর ইএসআইসি (ESIC)-এর নথিতে জন্মসাল ছিল ১৯৬০।

আধার কার্ডের তথ্যের ভিত্তিতে সংস্থার দাবি ছিল, ৫৮ বছর বয়সে পৌঁছে যাওয়ায় রোসাম্মার অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী তাঁর চাকরি এক বছর আগেই শেষ করে দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে শ্রম আদালতের দ্বারস্থ হন রোসাম্মা। তিনি চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া বেতন দেওয়ার দাবি জানান।

আধারকে চূড়ান্ত প্রমাণ মানেনি শ্রম আদালত-

শ্রম আদালত আধার কার্ডে থাকা জন্মসালকে বয়সের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করেনি। আদালত জানায়, আধারে জন্মতারিখ কীভাবে নথিভুক্ত করা হয়েছিল, তা প্রমাণ করার জন্য ইউআইডিএআই (UIDAI)-এর কোনও প্রতিনিধিকে সাক্ষ্য দিতে হাজির করা হয়নি।

অন্যদিকে, ভোটার কার্ডের এপিক(EPIC) নথিতে রোসাম্মার জন্মসাল ১৯৬০ হিসেবে উল্লেখ ছিল। সেই তথ্যকেই গ্রহণ করে শ্রম আদালত সংস্থাকে রোসাম্মার বকেয়া বেতন এবং অন্যান্য প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যায় জেজে ইলেকট্রনিক্স।

দিল্লি হাইকোর্ট কী বলল?

শ্রম আদালতের সিদ্ধান্ত বহাল রেখে দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানায়, আধার নম্বর কোনও ব্যক্তির পরিচয় প্রমাণ করতে পারে, কিন্তু জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। আধার সংক্রান্ত আইনেও আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়।

আদালত ইউআইডিএআই-এর ২০১৮ সালের একটি অফিস মেমোরান্ডামের কথাও উল্লেখ করে। সেখানে বলা হয়েছিল, আধারে নথিভুক্ত জন্মতারিখ কার্ডধারীর দেওয়া নথি অথবা তাঁর নিজের ঘোষণার ভিত্তিতে নির্ধারিত হতে পারে।

আদালত আরও জানায়, ২০১৭ সালে রোসাম্মা অবসরের বয়সে পৌঁছননি। ইএসআইসি (ESIC)-এর নথি অনুযায়ী তাঁর জন্মতারিখ ছিল ২০ মে ১৯৬০। ফলে আধার কার্ডে থাকা অন্য একটি জন্মসালের ভিত্তিতে তাঁর অবসরের সময় এক বছর এগিয়ে দিতে পারে না সংস্থা।

পাশাপাশি, রোসাম্মার চাকরি শেষ করার ক্ষেত্রে জেজে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট (Industrial Disputes Act)-এর প্রাসঙ্গিক বিধি মেনে চলেনি বলেও শ্রম আদালতের সিদ্ধান্তকে সমর্থন করেছে হাইকোর্ট।

আদালতোর রায়ে স্পষ্ট বলা হয়, আধার কার্ডে জন্মসাল লেখা থাকলেই সেটিকে বয়সের শেষ কথা বলা যাবে না। অবসর বা চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যান্য বৈধ নথি ও প্রমাণও বিবেচনা করতে হবে।

Follow Us