Rajya Sabha Election: বাংলা থেকে রাজ্যসভায় এই পাঁচজনের মেয়াদ ফুরোচ্ছে, জল্পনা অভিষেক মনু সিংভিকে নিয়ে
Rajya Sabha: পশ্চিমবঙ্গের পাঁচ সাংসদ-সহ মোট ৫৬ জন রাজ্যসভা সাংসদের কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে এপ্রিলে। তাই রাজ্য়সভার এই আসনগুলির জন্য নির্বাচনের দিনক্ষণ স্থির করল কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ৫৬টি রাজ্য়সভা আসনের নির্বাচন। ওইদিনই হবে গণনা।

নয়া দিল্লি: লোকসভা ভোট কবে হবে, তা নিয়ে জোর চর্চা চলছে জাতীয় রাজনীতির অন্দরমহলে। দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছে সব রাজনৈতিক দল। এসবের মধ্যেই এবার রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন। তালিকায় রয়েছে বাংলার পাঁচটি আসনও। পশ্চিমবঙ্গের পাঁচ সাংসদ-সহ মোট ৫৬ জন রাজ্যসভা সাংসদের কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে এপ্রিলে। তাই রাজ্য়সভার এই আসনগুলির জন্য নির্বাচনের দিনক্ষণ স্থির করল কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ৫৬টি রাজ্য়সভা আসনের নির্বাচন। ওইদিনই হবে গণনা।
বাংলার থেকে যে পাঁচ সাংসদের রাজ্যসভায় কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে, তাঁরা হলেন অভিষেক মনু সিংভি, শান্তনু সেন, নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী ও আবিররঞ্জন বিশ্বাস। আগামী ২ এপ্রিল তাঁদের রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। এই পাঁচজনের মধ্যে অভিষেক মনু সিংভি কংগ্রেসের সাংসদ। তবে ২০১৮ সালে রাজ্যসভার নির্বাচনের সময় তাঁকে সমর্থন জানিয়েছিল তৃণমূল। বাকি ৪ জন তৃণমূলের সাংসদ। এবারের নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটিও আসন পায়নি। বরং এক ধাক্কায় অনেকটাই আসন বেড়েছে বিজেপির। ফলে রাজ্যসভার এই নির্বাচনে অভিষেক মনু সিংভির ফের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। গতবারের মতো এবারও তাঁকে প্রার্থী করা হলে তৃণমূল সমর্থন করবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।
৫৬টি রাজ্যসভা আসনের মধ্যে সবথেকে বেশি আসন ফাঁকা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। সেখানে ১০জন সাংসদের কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে। এছাড়া তালিকায় রয়েছে বিহার, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র-সহ আরও বেশ কয়েকটি রাজ্য।
জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। স্ক্রুটিনি হবে ১৬ তারিখ। এরপর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। তারপর বিকেল পাঁচটা থেকে শুরু হবে গণনা এবং ২৯ তারিখের (বৃহস্পতিবার) মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।
