Election Commission of India: SIR-এ মতপার্থক্য থেকে চিঠি বিতর্ক, পয়েন্ট ধরে ধরে সব অভিযোগের ব্যাখা দিল কমিশন
Election Commission of India on SIR: SIR প্রক্রিয়া, ECINet, ফর্ম ৬, এবং সম্প্রতি ক্যাবিনেট সচিবকে পাঠানো একটি অভ্যন্তরীণ চিঠি নিয়ে ওঠা প্রশ্ন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থাৎ কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, তার প্রত্যেকটির আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে। অভিযোগ খণ্ডন করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে কমিশন।

নয়া দিল্লি: SIR প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে। বারবার একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। সম্প্রতি, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টে আরও অস্বস্তি তৈরি হয় কমিশনের অন্দরে। তিন কমিশনারের মধ্যে মতানৈক্যের অভিযোগ সামনে আসে। এই বিতর্কের আবহে শনিবার ঐক্যের বার্তা দেয় নির্বাচন কমিশন। আজ, নয়া দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক জোশী। বিকেল ৩টেয় বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকের পরই একটি প্রেস বিবৃতি জারি করা হয়। সেখানে SIR প্রক্রিয়া, ECINet, ফর্ম ৬, এবং সম্প্রতি ক্যাবিনেট সচিবকে পাঠানো একটি অভ্যন্তরীণ চিঠি নিয়ে ওঠা অভিযোগ, প্রশ্নের ব্যাখ্যা দেয় কমিশন। অর্থাৎ কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, তার প্রত্যেকটির আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে ওই বিবৃতিতে। অভিযোগ খণ্ডন করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে কমিশন।
কোন অভিযোগের কী ব্যাখ্যা করা হয়েছে, দেখে নিন একনজরে
অভিযোগ- এসআইআর নিয়ে মতপার্থক্য
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের মধ্যে মতপার্থক্যের অভিযোগ ওঠে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক রিপোর্টে উল্লেখ করা হয় যে বিগত ১০ মাসে এসআইআর প্রক্রিয়া নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন। কিন্তু, তাতে কান দেননি জ্ঞানেশ কুমার। এরপরই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হন বিরোধী-সহ একাধিক মহল।
ব্যাখ্যা
SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে কোনও মতপার্থক্য ছিল না। সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই দাবি করেছে কমিশন। বিবৃতিতে কমিশনের দাবি, ২০২৫ সালের ২৪ জুন প্রথমে বিহার, এরপর পশ্চিমবঙ্গ-সহ আরও ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে নির্দেশ জারি হয়েছিল, তা কমিশনের সর্বসম্মত অনুমোদনেই হয়েছিল। শুক্রবারও নির্বাচন কমিশন সূত্রে একই দাবি করা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য SIR-এর সূচি ২০২৫ সালের ২৭ অক্টোবর এবং আরও ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২০২৬ সালের ১৪ মে প্রকাশ করা হয়। এই দুই ক্ষেত্রেই কমিশনের সর্বসম্মত অনুমোদন ছিল।’ এছাড়া, মূল SIR নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বলেও উল্লেখ করেছে কমিশন।
ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি নিয়ে অভিযোগ
আরও একটা অন্যতম বড় অভিযোগ ছিল একটি চিঠি নিয়ে। দুই নির্বাচন কমিশনার চিঠি লিখেছিলেন ক্যাবিনেট সেক্রেটারিকে। সেই চিঠিতে মূলত জাতীয় নির্বাচন কমিশনের কাজকর্মের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই কমিশনার এস এস সান্ধু ও বিবেক জোশী। এমনটাই অভিযোগ ওঠে। সংখ্যাগরিষ্ঠদের কথা জ্ঞানেশ কুমার মানছেন না বলে ক্যাবিনেট সেক্রেটারিকে অভিযোগ করেন তাঁরা। তবে একটা প্রশ্ন উঠছিল যে জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা। সেক্ষেত্রে, কেন ক্যাবিনেটে চিঠি গিয়েছিল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
ব্যাখ্যা
বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। চিঠি প্রসঙ্গে কমিশন জানিয়েছে, ক্যাবিনেট সচিবকে পাঠানো চিঠি নির্বাচন কমিশন বা তার IT বিভাগের কোনও নীতিগত বিষয় নয়। ওই চিঠি মূলত নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকা এক আধিকারিকের কাজের ধরন নিয়ে ছিল। অর্থাৎ ওই আধিকারিকের কাজের ভুল-ত্রুটি নিয়ে অভিযোগ করা হয়েছিল। দুই নির্বাচন কমিশনারের নির্দেশের পরও সংশ্লিষ্ট আধিকারিকের জারি করা কাজ পুনর্বণ্টনের নির্দেশ বাস্তবে কার্যকর হয়নি বলেও দাবি করে কমিশন।
একইসঙ্গে কমিশনের বক্তব্য, ডেপুটি নির্বাচন কমিশনারের আইটি বিভাগের উপর নজরদারির দায়িত্বও বাস্তবে কখনও প্রত্যাহার করা হয়নি।
ফর্ম ৬ নিয়ে অভিযোগ
SIR প্রক্রিয়ার সময় ফর্ম ৬ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। ফর্ম ৬-এর সঙ্গে একটি ডিক্লারায়েশন ফর্ম বা ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে নতুন ভোটার হিসেবে যাঁরা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক, তাঁদের দেখাতে হয়েছে যে আগের এসআইআর-এ বাবা-মায়ের নাম রয়েছে কি না। ফর্ম-৬ নিয়ে এস এস সান্ধু-র সঙ্গে নির্বাচন কমিশনারের মতানৈক্যের অভিযোগ উঠেছিল
ব্যাখ্যা
নির্বাচন কমিশন জানিয়েছে, ওই ঘোষণাপত্র সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। পাশাপাশি কমিশন জানিয়েছে, এসআইআর ছাড়া অন্য সময়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য রেজিস্ট্রেশন অব ইলেক্টোরালস রুল, ১৯৬০ অনুযায়ী নির্ধারিত ফর্মগুলিই ব্যবহার করা হবে।
ECI NET পোর্টাল নিয়ে অভিযোগ
ECI NET পোর্টালের কাজকর্ম নিয়েও বিস্তর অভিযোগ উঠেছিল। ভোটার তালিকা ডেটাবেস অ্যাক্সেস বা ব্যবহারের অধিকার এবং পোর্টালের কার্যকারিতা নিয়ে কিছু উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ্যে এসেছিল।
ব্যাখ্যা
কমিশনের তরফে জানানো হয়েছে, আধিকারিকদের তাঁদের ক্ষমতা অনুসারেই পোর্টালের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখানেই কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ECINET-এর কাজকর্ম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একজন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে। কমিটিতে IIT অথবা IIIT-এর একজন বিশেষজ্ঞও থাকবেন।
এছাড়া, ভবিষ্যতে আইটি মডিউল ও পোর্টাল সংক্রান্ত নতুন কোনও উদ্যোগ নেওয়া হলে প্রথমে আধিকারিকদের কমিটিতে তা নিয়ে আলোচনা করা হবে। তারপর অনুমোদনের জন্য বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে।
কমিশনের অভ্যন্তরীণ কাজেও পরিবর্তন
নিজেদের অভ্যন্তরীণ কাজকর্ম আরও শক্তিশালী করার জন্য কয়েকটি নতুন পদক্ষেপের কথাও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন থেকে কমিশনের প্রতিটি বৈঠকের আলোচ্যসূচি বা ‘এজেন্ডা’ আগেই সদস্যদের কাছে পাঠানো হবে। বৈঠকের পর ‘মিনিটস’ বা কার্যবিবরণীও প্রকাশ করা হবে।
একইসঙ্গে কমিশনাররা আধিকারিকদের যে সমস্ত নির্দেশ দেবেন, তা যথাযথভাবে পালন করতে হবে বলেও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।
