SIR Third Phrase: গোটা দেশে হবে SIR, বাকি থাকা রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে বড় নির্দেশ কমিশনের
Special Intensive Revision in News: কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সেরে নিতে হবে প্রস্তুতির কাজ। অর্থাৎ যে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ মিটে গিয়েছে বা চলছে, সেগুলি বাদে বাকি সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার তৃতীয় অধ্য়ায়। বিহার মিটেছে। চলছে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কাজ। তবে গোটাটাই চূড়ান্ত পর্যায়ে। এবার এই আবহে দেশের আর সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করার কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বিহারে এসআইআর হওয়ার পর বাংলা-সহ আর ১২টি রাজ্য়-কেন্দ্রশাসিত অঞ্চলে গোটা প্রক্রিয়াটিকে নিয়ে প্রাথমিক ভাবে লুকোছাপা করতে দেখা গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। কবে হবে, কখন হবে, আদৌ হবে কিনা — সব নিয়েই একটু চুপ ছিল তাঁরা। কিন্তু এবার আর তা নয়, ভারতবাসী এসআইআর-এর সঙ্গে কার্যত ওয়াকিবহাল হয়ে গিয়েছে, তা স্পষ্ট। জল মেপে নিয়েছে কমিশনও।
বৃহস্পতিবার, এসআইআর হয়ে গিয়েছে বা চলছে এমন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বাদে বাকি রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। কী লেখা রয়েছে তাতে? কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সেরে নিতে হবে প্রস্তুতির কাজ। অর্থাৎ যে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ মিটে গিয়েছে বা চলছে, সেগুলি বাদে বাকি সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
চিঠিতে এসআইআর শুরুর সম্ভাব্য সময়ও উল্লেখ করে দিয়েছে নয়াদি্ল্লি। তাদের মতে, আগামী এপ্রিল মাস থেকে বাকি থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর-এর কাজ শুরু হয়ে যেতে পারে। সুতরাং, তার আগে যাবতীয় পরিকাঠামো গত প্রস্তুতি সেরে রাখতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের।
