AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘এদের যতই খাওয়াও, খিদে বেড়েই চলে…’, শিল্পপতিদের কড়া ভাষায় সবক শেখালেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi on tax concessions: প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “গত কয়েক বছরে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি করেছে। আপনারা কি কখনও বসে ভেবেছেন, এর ফলে আপনাদের কী সুযোগ তৈরি হয়েছে? বড় অর্থনীতির দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। অর্থাৎ আপনাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে।”

PM Narendra Modi: 'এদের যতই খাওয়াও, খিদে বেড়েই চলে...', শিল্পপতিদের কড়া ভাষায় সবক শেখালেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Nov 20, 2026 | 2:57 PM
Share

নয়া দিল্লি: দেশের কর্পোরেট সেক্টরকে সরাসরি আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। কেন্দ্রীয় সরকার কর ছাড় দিলেও কর্পোরেট সংস্থাগুলি, সেই লাভ কর্মীদের সঙ্গে ভাগ করে না। প্রধানমন্ত্রীর অভিযোগ, সংস্থাগুলি করছাড়ের পর সেই সুবিধা দিয়ে কর্মীদের বেতন বৃদ্ধি করে না বা নতুন কর্মী নিয়োগ করে না!

বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফেডেরেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্য়ান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সরকার কর্পোরেট সংস্থাগুলির জন্য যথেষ্ট কর ছাড় দিয়েছে। কিন্তু তার প্রতিফলন কর্মসংস্থান বা বেতন বৃদ্ধিতে দেখা যায়নি।”

প্রধানমন্ত্রী মোদী বলেন যে সরকার মূল কর্পোরেট করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছে। পাশাপাশি বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ছাড় দেওয়া হয়েছে।

শিল্পপতিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, আপনারা হাততালি দেবেন না। কারণ আপনাদের চাহিদা এত বেশি যে যতই দেওয়া হোক, তা যথেষ্ট মনে হয় না। আমি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছি। কিন্তু আপনারা কি কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? তাঁদের বেতন বাড়িয়েছেন? না। সবসময় বলা হয়—মোদীজি, আপনি করে দিন, আমরা পরে দেখব। এভাবে তো চলতে পারে না।”

কোম্পানিগুলিকে কর্মীদের জন্য আরও বেশি কিছু করতে হবে বলেও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, দেশের উন্নয়নের পুরো দায়িত্ব শুধু সরকারের উপর ছেড়ে দিলে চলবে না। কর ছাড়ের পাশাপাশি শিল্পমহলকেও কর্মীদের স্বার্থে পদক্ষেপ করতে হবে।

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের ফলে সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থ বেড়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। এর ফলে বাজারে চাহিদা বাড়বে এবং ব্যবসা ও শিল্পের সম্প্রসারণ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “কৃষক, সম্পদ সৃষ্টিকারী, ক্ষুদ্র শিল্প এবং করদাতাদের সম্মান না করে, তাঁদের গালাগালি করে কোনও দেশ এগিয়ে যেতে পারে না”।

দেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার জন্যও শিল্পপতিদের সতর্ক করেন মোদী। তাঁর মতে, দেশের বাজারকে ব্যবসার ‘নিশ্চিত বিক্রির জায়গা’ হিসেবে ধরে নিয়ে বসে থাকলে চলবে না। বরং পণ্যের গুণমান আরও উন্নত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, “আমাদের অভ্যন্তরীণ বাজার যেন আমাদের স্বস্তির জায়গা না হয়ে ওঠে। বরং এই বাজারই আমাদের বিশ্ববাজারে প্রতিযোগিতা করার আত্মবিশ্বাস জোগাবে।”

দেশে কিছু পণ্যকে ‘এক্সপোর্ট কোয়ালিটি’ বলে আলাদা করে চিহ্নিত করার প্রবণতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের মানুষও উন্নতমানের পণ্য পাওয়ার অধিকার রাখেন। তাই শুধু বিদেশে রফতানির জন্য ভালো মানের পণ্য তৈরি না করে দেশের বাজারের জন্যও একই মান বজায় রাখতে হবে।

এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলির সুবিধা কাজে লাগানোর জন্য শিল্পমহলকে আহ্বান জানান মোদী। তাঁর মতে, এই চুক্তিগুলি বিশ্বের বড় বড় বাজারে ভারতীয় সংস্থাগুলির জন্য নতুন দরজা খুলে দিয়েছে।

FICCI-র সদস্যদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “গত কয়েক বছরে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি করেছে। আপনারা কি কখনও বসে ভেবেছেন, এর ফলে আপনাদের কী সুযোগ তৈরি হয়েছে? বড় অর্থনীতির দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। অর্থাৎ আপনাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে।”

এরপর শিল্পপতিদের উদ্দেশে মোদীর প্রশ্ন, “এই সুযোগ কাজে লাগানোর জন্য আপনারা কোনও পরিকল্পনা তৈরি করেছেন? নাকি সেটাও আমাকে করতে হবে?”

Follow Us