AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IAF Aircraft Crash: অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু পাঁচ সেনা কর্মীর

Indian Air Force aircraft crash in Assam: দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত ও অগ্নিবীরবায়ু ডেনিস আলম। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে।

IAF Aircraft Crash: অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু পাঁচ সেনা কর্মীর
মৃত সেনাকর্মীImage Credit: Tv9 Bangla
| Updated on: Jun 13, 2026 | 5:31 PM
Share

গুয়াহাটি: অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় (Assam IAF Aircraft Crash) মৃত্যু হল পাঁচ সেনা কর্মীর। আজ সকালে জোরহাটে এয়ারবেসে বায়ুসেনার এএন-৩২ ট্রান্সপোর্ট বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমানটিতে। প্রথমে কারও মৃত্যুর খবর সামনে না এলেও পরে বায়ুসেনার তরফে পাঁচ সেনা কর্মীর (Five Personnel Killed) মৃত্য়ুর খবর নিশ্চিত করা হয়েছে।

শোকপ্রকাশ ভারতীয় বায়ুসেনার

দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত ও অগ্নিবীরবায়ু ডেনিস আলম। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। শোকপ্রকাশ করে লেখেন, “জোরহাটে এএন-৩২ দুর্ঘটনায় কর্তব্যরত পাঁচজন বায়ুসেনা কর্মী প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগের জন্য দেশ কৃতজ্ঞ। পরিবারের পাশে রয়েছে ভারতীয় বায়ুসেনা।”

কীভাবে ঘটে দুর্ঘটনা?

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এএন-৩২ বিমানটি। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় জোরহাট এয়ার ফোর্স স্টেশনের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। এরপরই আগুন ধরে যায় ওই বিমানে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পাঁচজনকে আর বাঁচানো সম্ভব হয়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)জানিয়েছেন, জোরহাটে বায়ুসেনার বিমানের দুর্ঘটনার খবর পেয়েছেন তাঁরা। এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে অসম সরকারের তরফে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই অসমের কার্বি আংলং জেলায় একটি সুখোই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জোরহাটে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা।

Follow Us