‘বাকি কোনও দেশ পারেনি…’, AI Summit-এ UPI-র প্রশংসায় পঞ্চমুখ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ
India AI Impact Summit: ম্যাক্রঁ বলেন, "১০ বছর আগে মুম্বইয়ে রাস্তার ধারের একজন হকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেন না। কোনও ঠিকানা ছিল না, কোনও নথি বা কোনও অ্যাক্সেস ছিল না। আজ সেই বিক্রেতাই তাঁর মোবাইলে ইন্সট্যান্ট পেমেন্ট নিচ্ছেন। দেশের সকলের জন্য এটি ফ্রি।"

নয়া দিল্লি: ভারতের ইউপিআই-র প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রশংসা করে তিনি বলেন যে ভারত এমন একটা প্রযুক্তি তৈরি করেছে, যা অন্য কোনও দেশ অর্জন করতে পারেনি। ১৪০ কোটি মানুষের ডিজিটাল পরিচয় তৈরি করেছেন।
ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বলেন যে কীভাবে প্রযুক্তি সাধারণ ভারতীয়দের নিত্য-নৈমিত্তিক জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ম্যাক্রঁ বলেন, “১০ বছর আগে মুম্বইয়ে রাস্তার ধারের একজন হকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেন না। কোনও ঠিকানা ছিল না, কোনও নথি বা কোনও অ্যাক্সেস ছিল না। আজ সেই বিক্রেতাই তাঁর মোবাইলে ইন্সট্যান্ট পেমেন্ট নিচ্ছেন। দেশের সকলের জন্য এটি ফ্রি।”
তিনি আরও বলেন, “ভারত এমন কিছু বানিয়েছে, যা অন্য কোনও দেশ তৈরি করতে পারেনি। ১৪০ কোটি মানুষের জন্য ডিজিটাল পরিচয় তৈরি করেছেন”। ভারতে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে বলেন, “AI সামিটে যোগ দিতে এখানে এসে খুব ভাল লাগছে।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ইউপিআই-র প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এর আগে ২০২৪ সালে যখন ভারত সফরে এসেছিলেন ইম্যানুয়েল ম্যাক্রঁ, তখন জয়পুরের হাওয়া মহলের বাইরে প্রধানমন্ত্রী মোদী একটি রাস্তার ধারের দোকানে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে দেখে অবাক হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী ওখানে দাঁড়িয়েই বুঝিয়েছিলেন যে কীভাবে ইউপিআই কাজ করে। এর গতি, সহজ ব্যবহার বোঝান।
২০২৩ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন যে শীঘ্রই ভারতীয় পর্যটকরা ফ্রান্সেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে ইউপিআই পেমেন্ট গ্রহণ করা হয় এনপিসিআই-র সঙ্গে অংশীদারিত্বে।
