India-France Rafale Deal: ঠকঠক করে হাঁটু কাঁপবে পাকিস্তানের! ভারতের হাতে আরও ১১৪ রাফাল? লড়াকু যুদ্ধবিমান নিয়ে বড় আপডেট
India Rafale Fighter Jets: বর্তমানে ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর জন্য মোট ৬২টি রাফাল যুদ্ধবিমান অর্ডার করা হয়েছে। নতুন ১১৪টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে রাফালের মোট সংখ্যা বেড়ে হবে ১৭৬। ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য আরও ৩১টি রাফাল কেনা হতে পারে।

নয়া দিল্লি: ভারতীয় বায়ুসেনার যুদ্ধের ক্ষমতা বাড়াতে উদ্যোগী কেন্দ্র। ভারতের বায়ুসেনার (Indian Airforce) হাতে আসবে আরও রাফাল। ১১৪টি রাফাল (Rafale) মাল্টি-রোল ফাইটার জেট কেনার প্রস্তাবে ফ্রান্স বিস্তারিত প্রযুক্তিগত (Technical) ও বাণিজ্যিক (Commercial) অফার জমা দিল ভারতকে। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই সম্ভাব্য চুক্তিকে ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণের অন্যতম বড় প্রকল্প হিসাবে দেখা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, ১১৪টি রাফালের মধ্যে ৯৪টি যুদ্ধবিমান ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় তৈরি হবে। নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের (Dassault Aviation) পাশাপাশি সাফরান (Safran), এমবিডিএ (MBDA) এবং থ্যালেস (Thales)-এর মতো ফরাসি প্রতিরক্ষা সংস্থাগুলি ভারতীয় শিল্প অংশীদারদের সঙ্গে যৌথভাবে উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে অংশ নেবে।
চুক্তির খসড়ায় ভারতীয় অস্ত্র ব্যবস্থার সংযুক্তিকরণ এবং দেশীয়করণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাস্ট্রা (Astra) এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র রাফালের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
একইসঙ্গে, এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা শিল্পে প্রায় ১.৬ লক্ষ কোটি টাকার উৎপাদন ও প্রযুক্তিগত সুযোগ তৈরি হতে পারে। টাটা, এলঅ্যান্ডটি-সহ একাধিক ভারতীয় সংস্থা এই প্রকল্পে অংশীদার হতে পারে বলে জানা গিয়েছে।
প্রতিরক্ষা মহলের মতে, ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা বর্তমানে নির্ধারিত প্রয়োজনের তুলনায় অনেক কম। একদিকে পুরনো মিগ সিরিজের যুদ্ধবিমান ধাপে ধাপে অবসর নিচ্ছে, অন্যদিকে এলসিএ মার্ক-১এ ও মার্ক-২ যুদ্ধবিমানের সরবরাহে দেরি হওয়ায়, নতুন প্রজন্মের যুদ্ধবিমান দ্রুত অন্তর্ভুক্ত করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
বর্তমানে ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর জন্য মোট ৬২টি রাফাল যুদ্ধবিমান অর্ডার করা হয়েছে। নতুন ১১৪টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে রাফালের মোট সংখ্যা বেড়ে হবে ১৭৬। ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য আরও ৩১টি রাফাল কেনা হতে পারে। তাহলে ভারতের রাফাল বহর ২০০-এর গণ্ডিও পার করতে পারে।
তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত চুক্তিতে রূপ নেয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রস্তাবটির প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়ন সম্পন্ন করার পর, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
