
নয়া দিল্লি: যত দিন যাচ্ছে বায়ুদূষণ চরমে উঠছে। বিশ্বের মধ্যে বায়ুদূষণে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশের ৮৩টি শহর তীব্র বায়ু দূষণে আক্রান্ত। তবে বায়ুদূষণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে রাজধানী শহর হিসাবে শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে IQ এয়ার গ্লোবালের সমীক্ষায়।
IQ এয়ার গ্লোবালের সমীক্ষা অনুসারে, বিশ্বের মধ্যে তীব্র বায়ু দূষণে আক্রান্ত এমন শহরের মধ্যে ১০০টি রয়েছে এশিয়ায়। এর মধ্যে সিংহভাগ ভারতে অবস্থিত। আবার প্রথম ৫০টি শহরের মধ্যে ৪২টি ভারতের। বায়ু দূষণের জন্য ভারতে প্রতি বছর ২০ লক্ষ লোক মারা যাচ্ছে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। এপ্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে সংস্থার সিইও ফ্রাঙ্ক হামেন্স জানান, এরকম চললে এর প্রভাব ভারতে ওমিক্রনের চেয়েও শত গুণ বেশি প্রভাব ফেলবে জনজীবনে।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে দিল্লি হলেও সবচেয়ে দূষিত মহানগরের তকমা পেয়েছে বিহারের বেগুসরাই শহর। এছাড়া রয়েছে ভিউয়ান্দি, অসপুর,পটনা,ধরুহেরা, গাজিয়াবাদ, ছাপড়া,গ্রেটের নয়ডা, গুরুগ্রাম, রোহতক ও মুজফ্ফর নগর। আশার কথা, দূষিত শহরের এই শীর্ষ তালিকায় কলকাতা সহ বাংলার কোনও জায়গার নাম নেই।
বায়ু দূষণে অবশ্য ভারতের আগে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের পরে রয়েছে তাজিকিস্তান ও বুরকিনা ফাসো।