Jharkhand Student Protest: ঝাড়খণ্ডেও বড় জয় ছাত্রদের! পরীক্ষা বাতিলের দাবি মানল সরকার, অনশন ভেঙে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ জানালেন এখনই আন্দোলন প্রত্যাহার নয়!
Hemant Soren on Jharkhand Student Protest: মুখ্যমন্ত্রী সোরেন বলেন, "২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ভুল-ত্রুটি হয়েছে, ছোট হোক বা বড় সবই তদন্ত করে দেখা হবে। ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে হওয়া সমস্ত পরীক্ষার তদন্ত করবে CID।" পাশাপাশি পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য IAS আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

রাঁচি: অবশেষে আন্দোলনকারী (Jharkhand Student Protest) পড়ুয়াদের দাবি মানল ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government)। বাতিল করা হচ্ছে টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড-এর দ্বারা পরিচালিত সব সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) জানিয়েছেন, এই সিদ্ধান্তের আওতায় রয়েছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) পরীক্ষাও। ২০১৪ সাল থেকে হওয়া সব পরীক্ষার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। সোরেনের এই ঘোষণার পর অনশন ভেঙেছেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত (Debendranath Mahato)। তবে, এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না। পড়ুয়ারা জানিয়েছেন, এখনও তাঁদের একটি দাবি পূরণ বাকি রয়েছে। CBI-কে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
কী জানিয়েছেন হেমন্ত সোরেন?
সোমবারই রাহুল গান্ধী (Rahul Gandhi) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আন্দোলকারীদের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য আগের থেকে ওইদিন আলোচনায় বসার কথা ছিল সরকার-আন্দোলনকারী দুই পক্ষের। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন সোরেন। বৈঠকের পর সোরেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লখনউয়ের সংস্থা টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড-এর প্রকাশিত ফলাফল ও ওই সংস্থার মাধ্যমে নির্বাচিত বা পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থী এবং ঝাড়খণ্ডে সংস্থাটির যাবতীয় কার্যকলাপ বাতিল করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ভুল-ত্রুটি হয়েছে, ছোট হোক বা বড় সবই তদন্ত করে দেখা হবে। ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে হওয়া সমস্ত পরীক্ষার তদন্ত করবে CID।” পাশাপাশি পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য IAS আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
২৫ দিনের ঝাড়খণ্ড আন্দোলন
JPSC এবং JSSC-এর পরীক্ষায় অনিয়মের অভিযোগে ও পরীক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে গত ২৫ দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা। ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা JSSC-CGL পরীক্ষা বাতিল করাও তাঁদের অন্যতম প্রধান দাবি ছিল। তবে সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরও আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন পড়ুয়ারা। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, তাঁদের CBI তদন্তের দাবি এখনও মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলন চলবে।
তিনি বলেন, “আমরা বড় একটি লড়াই জিতেছি। ২৪ দিন পর অবশেষে মুখ্যমন্ত্রী আমাদের দাবি শুনেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। কিন্তু এখনও অনেক কিছু বাকি। সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”
তবে সরকারি সিদ্ধান্তের পর অনশন ভেঙেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। বর্তমানে রাঁচির সদর হাসপাতালে ভর্তি। সেখানে মন্ত্রী ও বিধায়করা গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন। তাঁদের উপস্থিতিতেই মাহাতো অনশন প্রত্যাহার করতে পারেন বলে জানা গিয়েছে।
রাহুল গান্ধীর চিঠির কয়েক ঘণ্টা পর সিদ্ধান্ত
সরকারের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ১৪ অগস্ট সোরেনকে চিঠি দিয়ে রাহুল জানিয়েছিলেন, ২৪ দিন ধরে পড়ুয়াদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে এবং তাঁদের দাবিগুলি ন্যায্য।
এর আগে শনিবার আন্দোলনরত পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁদের দাবি না শুনলে জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য রাহুল গান্ধীর কাছে আবেদন করবেন। তাঁদের অভিযোগ ছিল, রাহুল তাঁদের পাশে দাঁড়ালেও রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনও যথাযথ পদক্ষেপ করেনি। রাহুল তাঁর চিঠিতে লিখেছিলেন, সংবিধানে স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। গত কয়েক মাস ধরে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
