Left Vs Right Wing: ভারতে বামপন্থীরা লাল, তাহলে আমেরিকায় ডানপন্থীদের রঙ লাল কেন?
Why is red associated with Republicans: ভারতে লাল দেখলে কমিউনিজম বা বামপন্থার কথা মনে পড়ে, সেখানেই উল্টো চিত্র মার্কিন মুলুকে। আমেরিকায় লাল রঙ আবার রিপাবলিকানদের চিহ্ন। রক্ষণশীল রাজনীতির প্রতীক। একই রং, কিন্তু দুই দেশের রাজনৈতিক ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন অর্থ কীভাবে হল?

বিপ্লব, সংগ্রাম এবং আত্মত্যাগ। এই সবেরই যেন সমার্থক হয়ে উঠেছে লাল রঙ। লাল পতাকা দেখলেই বামপন্থীদের কথা মাথায় আসে। বামপন্থী রাজনীতিতে লাল রঙ সংগ্রাম, ঐক্য, বিপ্লব এবং নতুন সমাজ গঠনের আকাঙ্ক্ষা তুলে ধরে। ভারতে লাল দেখলে কমিউনিজম বা বামপন্থার কথা মনে পড়ে, সেখানেই উল্টো চিত্র মার্কিন মুলুকে। আমেরিকায় লাল রঙ আবার রিপাবলিকানদের চিহ্ন। রক্ষণশীল রাজনীতির প্রতীক। একই রং, কিন্তু দুই দেশের রাজনৈতিক ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন অর্থ কীভাবে হল?
আমেরিকায় দক্ষিণপন্থীরা হলেন রিপাবলিকান। এদের সঙ্গে লাল রঙ কেন যুক্ত হল, তা বুঝতে হলে আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। লাল রঙ ঐতিহাসিকভাবে বামপন্থীদের সম্পত্তি ছিল না। বিভিন্ন দেশে রাজনৈতিক রঙের অর্থ আলাদা। আমেরিকার ক্ষেত্রে রিপাবলিকানদের লাল রঙ মূলত আধুনিক রাজনৈতিক পরিচয়।
আমেরিকায় দক্ষিণপন্থীদের রঙ লাল হল কেন?
আমেরিকার রিপাবলিকান পার্টি রক্ষণশীল বা দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু লাল রঙ শুরু থেকেই তাদের দলীয় প্রতীক ছিল না। বরং দীর্ঘদিন আমেরিকার নির্বাচনী মানচিত্রে বিভিন্ন সংবাদমাধ্যম নিজেদের মতো করে দলগুলিকে বিভিন্ন রঙে দেখাত। কোথাও রিপাবলিকানরা নীল, কোথাও লাল রঙ ছিল। নির্দিষ্ট রঙ থাকবে, এমন কোনও স্থায়ী নিয়ম ছিল না।
পরিস্থিতি বদলে যায় ২০০০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে। জর্জ ডব্লিউ বুশের (George W Bush) রিপাবলিকান পার্টি এবং আল গোরের ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেই নির্বাচনের ফল দেখাতে সংবাদমাধ্যমের নির্বাচনী মানচিত্রে ধীরে ধীরে একটি নির্দিষ্ট রঙের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে—রিপাবলিকানদের জন্য লাল এবং ডেমোক্র্যাটদের জন্য নীল।
এরপর টেলিভিশন, সংবাদপত্র ও রাজনৈতিক বিশ্লেষণে এই “রেড স্টেটস” (Red States) বনাম “ব্লু স্টেটস” (Blue States) বিভাজন এত বেশি ব্যবহৃত হতে থাকে যে তা আমেরিকার রাজনৈতিক ভাষার স্থায়ী অংশ হয়ে যায়।
প্রশ্ন হল, লালই কেন?
এর পিছনে কোনও নির্দিষ্ট মতাদর্শগত কারণ নেই। অর্থাৎ আমেরিকান রিপাবলিকানরা লাল বেছে নিয়ে বলেনি যে “লাল মানেই দক্ষিণপন্থা”। বরং সংবাদমাধ্যমের গ্রাফিক্স ও নির্বাচনী মানচিত্রে রঙের ব্যবহার ধীরে ধীরে প্রচলিত নিয়মে পরিণত হয়।
ইউরোপ ও বিশ্বের বহু জায়গায় লাল রঙ শ্রমিক আন্দোলন, সমাজতন্ত্র ও কমিউনিজমের সঙ্গে যুক্ত। কিন্তু আমেরিকায় একই লাল রঙ রিপাবলিকান বা রক্ষণশীল রাজনীতির পরিচয় হয়ে দাঁড়ায়।
