
মুম্বই: তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। আর এবার তাঁকে কিনা প্রাণনাশের হুমকি? বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বেশ কিছু থানা, যেমন গরেগাঁও, জেজে মার্গ-সহ একাধিক থানায় ফোন করে ও ইমেইল মাধ্যমে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি বার্তা পাঠিয়েছে এক দুষ্কৃতী। ইতিমধ্য়ে শুরু হয়েছে তদন্ত। শিন্ডের দফতর, বাড়িতে বেড়েছে নিরাপত্তা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুই থানায় ইমেইল নয়। রাজ্য এক সরকারি দফতরের কন্ট্রোল রুমেও আসে হুমকি ফোন। সেই ফোনে জানানো হয়, বোমা মেরে নাকি উড়িয়ে দেওয়া হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর গাড়ি। কিন্তু কারা ষড়যন্ত্র রচনা করছে শিন্ডের বিরুদ্ধে?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, থানায় আসা ফোনকলগুলি আদতেই ‘ভুয়ো’। তবে সাবধানের মার নেই তাই। হুমকি ফোনের পর থেকেই মুখ্যমন্ত্রীকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশও। সতর্ক করা হয়েছে উপমুখ্যমন্ত্রীর বাড়ির পাশে থাকা স্থানীয়দেরও। বলা হয়েছে, কোনও রকম সন্দেহজনক কিছু দেখলেই যেন পুলিশকে আগাম খবর দেওয়া হয়।
তবে শিন্ডেকে এমন প্রাণনাশের হুমকি প্রথম নয়। এর আগে ২০২৪ সালে প্রাণনাশের হুমকি পান একনাথ শিন্ডে। সেই সময় উপমুখ্যমন্ত্রী ও তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি এক কলেজ পড়ুয়া। সমাজমাধ্য়মের দ্বারা দেওয়া হয়েছিল সেই হুমকি বার্তা। অবশ্য, বেশিদিন পার পায়নি সেই কলেজ পড়ুয়া। দিন কতকের মাথায় তাঁকে গ্রেফতার করে মুম্বইয়ের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।