Uddhav Thackeray: চুরি করার চেষ্টা করছে বিজেপি! ভোটের আগেই মারাত্মক অভিযোগ আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Lok Sabha Election 2024: সাম্প্রতিক শিবসেনা ভেঙে দু-টুকরো হয়ে যাওয়া এবং বর্তমানে রাজ ঠাকরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথমে ওরা বাল ঠাকরের ছবি চুরি করল। যদিও তাতে কিছু ফারাক পড়ে না। এখন এরা (বিজেপি) আরেক ঠাকরে-কে চুরি করার চেষ্টা করছে।"

মুম্বই: লোকসভা নির্বাচনের আগেই আবার বড় পালাবদলের সম্ভাবনা। বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে এমএনএস। মঙ্গলবারই জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। এদিকে বিজেপি সঙ্গে দাদা কাছাকাছি আসতেই আক্রমণাত্মক ছোট ভাই উদ্ধব ঠাকরে। বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন তিনি। তাঁর দাবি, মহারাষ্ট্রে নির্বাচনে জেতার জন্য ঠাকরে-কে চুরি করছে বিজেপি।
নন্দেদে দলীয় সভায় যোগ দিতে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বিজেপির বিরুদ্ধে তাঁদের পরিবার ভাঙানোর অভিযোগ আনেন। সাম্প্রতিক শিবসেনা ভেঙে দু-টুকরো হয়ে যাওয়া এবং বর্তমানে রাজ ঠাকরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমে ওরা বাল ঠাকরের ছবি চুরি করল। যদিও তাতে কিছু ফারাক পড়ে না। এখন এরা (বিজেপি) আরেক ঠাকরে-কে চুরি করার চেষ্টা করছে। নিয়ে যান, আমি এবং আমার সমর্থকরাই যথেষ্ট।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বিজেপি মহারাষ্ট্রে জিততে পারবে না বলে দাবি করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, “বিজেপি খুব ভালভাবে জানে প্রধানমন্ত্রী মোদীর নামে মহারাষ্ট্রে ভোট পাবে না। এখানের মানুষজন ঠাকরের নামে ভোট দেন। সেটা বুঝতে পেরেই বাইরে থেকে নেতা চুরি করার চেষ্টা করছে বিজেপি।”
প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরের খুড়তুতো দাদা রাজ ঠাকরে। দীর্ঘদিন আগেই তিনি শিবসেনা থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন। রাজ ঠাকরের হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা, আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এমএনএসের সঙ্গে জোট বাঁধতে পারে বিজেপি। এই নিয়েই সরব হন উদ্ধব ঠাকরে।
