AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Update: আরও ৫ রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশিত, নাম বাদ ৬৭ লাখের বেশি! SIR-এ কোন রাজ্যের কী পরিস্থিতি?

SIR Update: বাম শাসিত কেরলে কত নাম বাদ গেল ? এসআইআর-এর আগে ভোটার তালিকায় ২ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৮৫৫ নাম ছিল । চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ ভোটার রয়েছে । নাম বাদ গিয়েছে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জনের ।

SIR Update: আরও ৫ রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশিত, নাম বাদ ৬৭ লাখের বেশি! SIR-এ কোন রাজ্যের কী পরিস্থিতি?
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Feb 21, 2026 | 6:07 PM
Share

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বারবার পিছিয়েছে। শেষপর্যন্ত ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। এরইমধ্যে শনিবার দেশের আরও ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এদিন, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এই পাঁচ রাজ্যে ৬৭ লাখের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।

গুজরাট, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আগেই। মোদীর রাজ্য গুজরাটে উল্লেখ্যযোগ্যভাবে ৬৮ লাখ নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে এই তিন রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে ৬৮ লাখের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, মোট ১২টি রাজ্যে এসআইআর চলছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৮টি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

৮টি রাজ্যের মধ্যে কোথায়, কত ভোটারের নাম বাদ গেল, দেখে নেওয়া যাক-

এসআইআর-এর পর গুজরাটের চূড়ান্ত ভোটার তালিকা থেকে উল্লেখযোগ্যহারে ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর শুরু হওয়ার সময় তালিকায় ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন ভোটারের নাম ছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা কমে হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫। অর্থাৎ প্রায় ৬৮ লাখ ১২ হাজার ৭১১ ভোটারের নাম বাদ পড়েছে গুজরাটে।

রাজস্থানে এসআইআর শুরুর আগে মোট ভোটার ছিল ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ২১৫। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা কমে হয়েছে ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯। বাদ পড়েছে ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬ ভোটার । শতাংশের বিচারে ৫.৭৩।

ছত্তীসগঢ়ে প্রায় ২৪ লাখের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এসআইআর-এর আগে তালিকায় ছিল ২ কোটি ১২ লাখ ৩০ হাজার ৭৩৭ জনের। চূড়ান্ত তালিকায় কমে হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪। প্রায় ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ ভোটারের নাম বাদ গিয়েছে।

বাম শাসিত কেরলে কত নাম বাদ গেল? এসআইআর-এর আগে ভোটার তালিকায় ২ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৮৫৫ নাম ছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ ভোটার রয়েছে। নাম বাদ গিয়েছে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জনের।

গোয়ায় ১ লাখের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এসআইআরের আগে ভোটার তালিকায় নাম ছিল ১১ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। চূড়ান্ত তালিকায় ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬ জনের নাম রয়েছে। নাম বাদ গিয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৬৮ জনের। শতাংশের বিচারে ১০.৭৫।

আন্দামান-নিকোবরেও এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল। ওই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেছে ২ লাখ ৫৮ হাজার ৪০ জনের। বাদ গিয়েছে ৬৯ হাজার ২৮৩ ভোটারের নাম।

লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। লাক্ষাদ্বীপে ভোটারের সংখ্যা ছিল ৫৭ হাজার ৮১৩ জনের। এসআইআরের পর হয়েছে ৫৭ হাজার ৬০৭। নাম বাদ গিয়েছে ২০৬ জনের। শতাংশের বিচারে ০.৩৬। পুদুচেরিতে ভোটারের সংখ্যা ছিল ১০ লাখ ২১ হাজার। এসআইআরের পর ৯ লাখ ৪৪ হাজারের পরিসংখ্যান পাওয়া গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ৭৭ হাজারের নাম বাদ গিয়েছে।

এখনও পর্যন্ত ৪টি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মধ্য প্রদেশ । চারটি রাজ্যই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, উত্তর প্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১০ এপ্রিল । তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বারবার পিছিয়েছে । শেষপর্যন্ত ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে । ওই একইদিনে মধ্য প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে।