Sharad Pawar Health Update: বাড়ি ফিরে এক সপ্তাহও কাটল না, ফের হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, কী হয়েছে NCP নেতার?
Sharad Pawar Admitted in Hospital: গত সপ্তাহেও অশতীপর শরদ পওয়ারকে এই হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। তখনও তিনি একটানা কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তখন চিকিৎসকরা নানা পরীক্ষার পর জানান যে শরদ পওয়ারের বুকে সংক্রমণ হয়েছে।

মুম্বই: ফের হাসপাতালে ভর্তি শরদ পওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-র শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী ফের অসুস্থ হয়ে পড়েছেন। আজ, রবিবার দ্রুত তাঁকে পুণের রুবি হল ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের সপ্তাহেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
শরদ পওয়ারের কন্যা তথা বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, সর্দি-কাশি ও গলার সংক্রমণে ভুগছেন শরদ পওয়ার। আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবজারভোশনে রাখা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, গত সপ্তাহেও অশতীপর শরদ পওয়ারকে এই হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। তখনও তিনি একটানা কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তখন চিকিৎসকরা নানা পরীক্ষার পর জানান যে শরদ পওয়ারের বুকে সংক্রমণ হয়েছে। কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। গত শনিবার তিনি বাড়ি ফেরেন। চিকিৎসকরা তিন-চারদিনের জন্য বিশ্রামে থাকতে বলেছিলেন। পুণেতে নিজের বাড়িতে ফেরার পর বিশ্রামেই ছিলেন, কিন্তু আজ ফের অবস্থার অবনতি হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।
সম্প্রতিই স্বজনহারা হয়েছেন শরদ পওয়ার। ভাইপো অজিত পওয়ারের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। বারামতীতে জনসভা করতে যাচ্ছিলেন অজিত পওয়ার। অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে প্রাইভেট বিমানটি। ঘটনাস্থলেই পাইলট সহ সকলের মৃত্যু হয়। এদিকে, অজিত পওয়ারের মৃত্যুর পরই দুই এনসিপি-র এক হয়ে যাওয়াও স্থগিত হয়ে গিয়েছে।
