Supreme Court: ‘আমরা এই প্রক্রিয়ার উপর কড়া নজর রাখব’, NTA-কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court on NEET-UG Paper Leak Case: বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এদিন জানায়, সংস্কারগুলি কীভাবে স্থায়ী ও প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর করা হচ্ছে, তা হলফনামায় স্পষ্ট করতে হবে। শুধুমাত্র অস্থায়ী (ad hoc) ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারের রূপরেখা চেয়েছে শীর্ষ আদালত।

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সুপ্রিম কোর্টও বড় নির্দেশ দিল। নিট প্রশ্নফাঁস মামলায় শুক্রবার শীর্ষ আদালত বলল, “আমরা এই প্রক্রিয়ার উপর কড়া নজর রাখব। সংস্কারগুলি যাতে প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর হয়, তা আমরা নিশ্চিত করব। সারা বছর ধরে আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করব।” NEET-UG প্রশ্নফাঁসের পর পরীক্ষা ব্যবস্থার সংস্কারের অগ্রগতি নিয়ে কেন্দ্র ও NTA ((ন্যাশনাল টেস্টিং এজেন্সি)-কে বিস্তারিত হলফনামা দাখিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এদিন জানায়, সংস্কারগুলি কীভাবে স্থায়ী ও প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর করা হচ্ছে, তা হলফনামায় স্পষ্ট করতে হবে। শুধুমাত্র অস্থায়ী (ad hoc) ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারের রূপরেখা চেয়েছে শীর্ষ আদালত। প্রস্তাবিত গভর্নিং বোর্ড, বিশেষজ্ঞদের নেতৃত্বাধীন বিভিন্ন ইউনিট, স্টেকহোল্ডারদের মনোনয়ন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষার আগে, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপের সংস্কার নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, একাধিক সেশনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, পরীক্ষা কেন্দ্র, প্রশ্নপত্র মুদ্রণ ও পরিবহণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছে শীর্ষ আদালত। ভবিষ্যতে কম্পিউটার বেসড টেস্টিং (CBT) চালুর পরিকল্পনা এবং তথ্য সুরক্ষার ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নরসিমহা বলেন, “প্রশ্নপত্র নিরাপদে পৌঁছাতে ভারতীয় বায়ুসেনার ব্যবহার ছিল শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা। এটি স্থায়ী সমাধান হতে পারে না।” পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ে ডিজি যাত্রা-র মতো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। আগের হলফনামায় এসব বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় সলিসিটর জেনারেল তুষার মেহতা নতুন করে বিস্তারিত হলফনামা দাখিলের আশ্বাস দেন। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
