Electricity Officer Assaulted: পুলিশ আধিকারিককে ফোন করেছিলেন, তার জেরে সরকারি আধিকারিককে যা করেছিলেন…
Tapan Rural Hospital: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দপ্তরের তরফে থানায় খবর দেওয়া হয়। অভিযোগ, কে পুলিশকে ফোন করেছেন তা জানতে পেরে ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অশোক টুডুর উপর চড়াও হন। বিজেপি নেতা অভ্র সিংহ, অশোক রাউত, সঞ্জয় বর্মন, সাদেকুল সরকার এবং তাঁদের অনুগামীদের বিরুদ্ধে ওই আধিকারিককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে।

তপন: সরকারি দফতরে ঢুকে বিক্ষোভ এবং পুলিশে খবর দেওয়ায় এক বিদ্যুৎ আধিকারিককে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের তপন বিদ্যুৎ অফিসে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় আক্রান্ত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অশোক টুডুকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দফতর সূত্রে খবর, বিদ্যুৎ দফতরের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির একদল নেতাকর্মী তপন বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখাতে যান। বিক্ষোভে জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, জেলা সম্পাদক প্রদীপ কুমার দাস, জেলা অফিস সম্পাদক কার্তিক চক্রবর্তী, তপন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পরেশ চন্দ্র রায় সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি ও প্রায় ৫০ জন কর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন অফিসের ভিতরে ব্যাপক হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দপ্তরের তরফে থানায় খবর দেওয়া হয়। অভিযোগ, কে পুলিশকে ফোন করেছেন তা জানতে পেরে ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অশোক টুডুর উপর চড়াও হন। বিজেপি নেতা অভ্র সিংহ, অশোক রাউত, সঞ্জয় বর্মন, সাদেকুল সরকার এবং তাঁদের অনুগামীদের বিরুদ্ধে ওই আধিকারিককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। হামলায় অশোক টুডুর মাথা, কাঁধ, হাত ও পায়ে আঘাত লাগে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত আধিকারিককে হাসপাতালে পাঠায়। রাতেই বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা তপন অফিসে পৌঁছে ঘটনার খোঁজখবর নেন। সরকারি দপ্তরে ঢুকে আধিকারিককে নিগ্রহের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মৃণাল সরকার। যদিও বিজেপির তরফে এই ঘটনার বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করা হয়েছে।
