Pin Code: পিন কোডের ছ’টি সংখ্যার অর্থ কী? কোন নম্বরে কোন তথ্য লুকিয়ে, জেনে নিন
Pin Code 6 Digits Explained: PIN হল আসলে পোস্টাল ইন্ডেক্স নম্বর। দেশের ডাক ব্যবস্থায় চিঠি ও পার্সেল বাছাই এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে ১৯৭২ সালে ভারতে ছয় সংখ্যার পিন কোড ব্যবস্থা চালু করা হয়। তবে পিন কোড দিয়ে আপনার বাড়ি বা ফ্ল্যাটের নির্দিষ্ট অবস্থান জানা যায় না। এটি মূলত একটি নির্দিষ্ট পোস্টাল এলাকা চিহ্নিত করে।

নয়া দিল্লি: কোথাও চিঠি বা পার্সেল পাঠাবেন কিংবা খাবার অর্ডার দেবেন, তার জন্য দিতে হয় ঠিকানা। আর ঠিকানাতে থাকে ছয় ডিজিটের একটা সংখ্যা। যাকে বলা হয় পিনকোড (Pin Code)। জানেন কি এই ছয় সংখ্যার কোডের মধ্যেই লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন, দেশের কোন প্রান্তে চিঠি যাবে, কোন পোস্টাল এলাকায় তা পড়ছে, এমনকী কোন পোস্ট অফিসের দায়িত্বে তা পৌঁছবে, সব বুঝতে সাহায্য করে এই পিন কোড। কিন্তু কীভাবে কাজ করে এই ছ’টি সংখ্যা (Pin Code Six Digits)? প্রতিটি সংখ্যার আলাদা অর্থই বা কী?
পিন কোড কী?
PIN হল আসলে পোস্টাল ইন্ডেক্স নম্বর। দেশের ডাক ব্যবস্থায় চিঠি ও পার্সেল বাছাই এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে ১৯৭২ সালে ভারতে ছয় সংখ্যার পিন কোড ব্যবস্থা চালু করা হয়। তবে পিন কোড দিয়ে আপনার বাড়ি বা ফ্ল্যাটের নির্দিষ্ট অবস্থান জানা যায় না। এটি মূলত একটি নির্দিষ্ট পোস্টাল এলাকা চিহ্নিত করে। অর্থাৎ, কোনও চিঠি বা পার্সেলকে ঠিক কোন দিকে, কোন এলাকায় পাঠাতে হবে,তা বুঝতে সাহায্য করে পিন কোড।
ছয়টি সংখ্যার কোনটির কী অর্থ?
পিন কোডের ছয়টি সংখ্যাই গুরুত্বপূর্ণ। এক-একটি সংখ্যা গন্তব্যকে আরও নির্দিষ্ট করতে সাহায্য করে।
প্রথম সংখ্যা: দেশের একটি বৃহৎ পোস্টাল এলাকাকে চিহ্নিত করে।
দ্বিতীয় সংখ্যা: ওই এলাকার মধ্যে নির্দিষ্ট পোস্টাল সাব-রিজিয়ন চিহ্নিত করতে সাহায্য করে।
তৃতীয় সংখ্যা: নির্দিষ্ট জেলা চিহ্নিত করে।
শেষ তিনটি সংখ্যা: সংশ্লিষ্ট এলাকার চিঠি বা পার্সেল পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা নির্দিষ্ট পোস্ট অফিসকে চিহ্নিত করে।
অর্থাৎ, কোনও পার্সেলের ঠিকানায় পিন কোড লেখার পর সেই ছয়টি সংখ্যা দেখে ডাক ব্যবস্থা বুঝতে পারে, পার্সেলটি কোন অঞ্চলের কোন নেটওয়ার্ক হয়ে কোন পোস্ট অফিসে পৌঁছবে।
পিন কোড দিয়ে কি বাড়ির সঠিক লোকেশন জানা যায়?
উত্তর হল না। একটি পিন কোড সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক বা পোস্টাল এলাকাকে বোঝায়, কোনও একটি বাড়িকে নয়। একই পিন কোডের আওতায় শত শত কিংবা হাজার হাজার বাড়ি, দোকান, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান থাকতে পারে। তাই শুধু পিন কোড লিখলেই চিঠি আপনার দরজায় পৌঁছবে না। সম্পূর্ণ ঠিকানাও প্রয়োজন।
কীভাবে আপনার বাড়িতে পৌঁছয় চিঠি বা পার্সেল?
ডাক ব্যবস্থা ঠিকানা ও পিন কোড দেখে প্রথমে গন্তব্য নির্ধারণ করা হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে তা সংশ্লিষ্ট পিন কোডের দায়িত্বে থাকা পোস্ট অফিসে পৌঁছয়। এরপর পোস্টাল কর্মীরা ঠিকানায় লেখা এলাকা, রাস্তা, বাড়ি বা আবাসনের নাম এবং বাড়ি বা ফ্ল্যাট নম্বর দেখে নির্দিষ্ট ঠিকানায় সেটি পৌঁছে দেন। এই কারণেই ঠিকানার সঙ্গে সঠিক পিন কোড লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পিন কোড দিলে চিঠি বা পার্সেল পৌঁছতে দেরি হতে পারে কিংবা ভুল এলাকায় চলে যেতে পারে।
পাশাপাশি দুই এলাকার পিন কোড আলাদা কেন?
পিন কোড শুধুমাত্র ভৌগোলিক দূরত্বের ভিত্তিতে নির্ধারিত হয় না। ডাক বিভাগের প্রশাসনিক ব্যবস্থা, সংশ্লিষ্ট পোস্ট অফিস এবং ডেলিভারি নেটওয়ার্কের উপরেও তা নির্ভর করে। তাই পাশাপাশি থাকা দু’টি এলাকার পিন কোড আলাদা হতে পারে, যদি সেগুলি আলাদা পোস্ট অফিসের আওতায় থাকে। আবার কোনও বড় এলাকার বিভিন্ন অংশ আলাদা পোস্ট অফিসের আওতায় পড়লে একই এলাকার একাধিক পিন কোডও থাকতে পারে।
পিন কোড আর জিপিএস কি এক?
দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। পিন কোড একটি পোস্টাল এলাকাকে চিহ্নিত করে। অন্যদিকে জিপিএস ব্যবহার করে কোনও জায়গার অনেক বেশি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান চিহ্নিত করা সম্ভব। তাই কোনও ম্যাপ বা ডেলিভারি অ্যাপে শুধু পিন কোড দিলে সেটি আপনার বাড়ির সঠিক অবস্থানের বদলে সংশ্লিষ্ট এলাকার আনুমানিক অবস্থান দেখাতে পারে।
জিপিএস-এর যুগেও কেন গুরুত্বপূর্ণ পিন কোড?
এখন হাতে হাতে স্মার্টফোন। রয়েছে জিপিএস, ডিজিটাল ম্যাপ,অনলাইন ডেলিভারি ট্র্যাকিং। তারপরও ভারতের ডাক ও ডেলিভারি ব্যবস্থায় পিন কোডের গুরুত্ব কমেনি। কারণ, দেশের বিভিন্ন পোস্টাল এলাকাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে চিহ্নিত করতে সাহায্য করে পিন কোড।
